এক মাসেই ব্রাজিলসহ বিশ্বকাপ খেলা তিন দেশের বিপক্ষে মাঠে নামবে ভারত!

সংগৃহীত ছবি

ক্রিকেট মাঠে তাদের একচ্ছত্র রাজত্ব বহু পুরনো। এবার ফুটবল বিশ্বেও নিজেদের শক্তিশালী উপস্থিতি জানান দিতে মহাপরিকল্পনা হাতে নিয়েছে ভারত।আগামী অক্টোবরেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে এশিয়ান জায়ান্টরা। তবে শুধু সেলেসাওদের দিয়ে সূচি শেষ হচ্ছে না, অক্টোবরের ফিফা উইন্ডোতে একের পর এক বিশ্বকাপে খেলা হেভিওয়েট দেশের মুখোমুখি হতে যাচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে মহারণের আগেই পানামার মুখোমুখি হতে পারে ভারত। আর এর পরপরই খেলতে পারে আরেক চমক কেপ ভার্দের বিপক্ষে।

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ৩ অক্টোবর ব্রাজিল ম্যাচটি তো বহু আগেই নিশ্চিত করা। সেই মহারণের প্রস্তুতির অংশ হিসেবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের জোর চেষ্টা চালাচ্ছ এআইএফএফ। মধ্য আমেরিকার দেশটি নীতিগতভাবে ভারতে এসে খেলতে সম্মতিও জানিয়েছে বলে এআইএফএফের এক শীর্ষ কর্মকর্তা সূত্রে জানা গেছে।

ফিফা র‍্যাঙ্কিংয়ের ৪৪ নম্বরে থাকা পানামা ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও ঘানার মতো পরাশক্তিদের সাথে লড়াই করেছে।তাই র‍্যাঙ্কিং ও শক্তিতে ঢের এগিয়ে থাকা পানামার মুখোমুখি হওয়াটা হবে কোচ খালিদ জামিলের শিষ্যদের জন্য সবচেয়ে বড় পরীক্ষার জায়গা।

ব্রাজিল মহারণের তিন দিন পরই, অর্থাৎ ৬ অক্টোবর কেপ ভার্দের বিরুদ্ধে মাঠে নামার কথা রয়েছে ভারতের। দুই ফুটবল ফেডারেশনের মধ্যকার আলোচনা এখন চূড়ান্ত পর্বে। ম্যাচটির জন্য ভেন্যু হিসেবে কলকাতার পাশাপাশি কেরালার কোচির নাম ভাবা হচ্ছে। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পেয়েই চমক দেখানো এবং দলের গোলরক্ষক ভোজিনহার দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্ববাসীর নজর কেড়েছিল আফ্রিকা অঞ্চলের এই দেশটি।

LEAVE A REPLY