এক হ্যাটট্রিকেই যত কীর্তি ব্রুনো ফার্নান্দেজের

ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। ছবি: এক্স

অধিনায়কোচিত পারফরম্যান্স বলতে যা বোঝায়, ব্রুনো ফার্নান্দেজ কাল রাতে সেটাই করে দেখিয়েছেন। 

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল ইপ্সউইচ টাউনকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

মৌসুমের প্রথম ম্যাচে হাল সিটির কাছে বেহাল দশা হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ফার্নান্দেজ। কাল হ্যাটট্রিকের পাশাপাশি একটি অ্যাসিস্ট করে সমালোচকদের জবাব দিয়েছেন পর্তুগিজ তারকা। 

ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডের জার্সিতে আবার আলো ছড়ানোর রাতে একাধিক কীর্তিও গড়েছেন ফার্নান্দেজ। সেগুলো এক নজরে দেখে নেওয়া যাক—

ডি ব্রুইনাকে ছাড়িয়ে…

প্রিমিয়ার লিগে সময়ের সেরা মিডফিল্ডার মনে করা হতো কেভিন ডি ব্রুইনাকে।ব্রুনো ফার্নান্দেজ সেই ডি ব্রুইনাকে ছাড়িয়ে গেছেন। প্রিমিয়ার লিগে ৭২ গোল করে ইংল্যান্ড ছেড়েছেন ডি ব্রুইনা, ফার্নান্দেজের বর্তমান গোল ৭৪টি।

প্রিমিয়ার লিগে দ্বিতীয় হ্যাটট্রিক

পাঁচ বছর পর আবারো প্রিমিয়ার লিগে এক ম্যাচে ৩টি গোল করলেন ব্রুনো ফার্নান্দেজ। এই লিগে তার প্রথম হ্যাটট্রিক এসেছিল ২০২১-২২ মৌসুমে; লিডস ইউনাইটেডের বিপক্ষে।

এত মিল!

প্রিমিয়ার লিগে ফার্নান্দেজের দুই হ্যাটট্রিকের একটি ২০২১-২২ মৌসুমে লিডসের বিপক্ষে এবং অন্যটি ২০২৬-২৭ মৌসুমে ইপ্সউইচ টাউনের বিপক্ষে। মজার ব্যাপার হলো, দুটি ম্যাচই ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সেই মৌসুমের প্রথম ম্যাচ। 

হ্যাটট্রিকে রোনালদোর সমান

সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ফার্নান্দেজের এটি তৃতীয় হ্যাটট্রিক। এর মধ্যে দুটি প্রিমিয়ার লিগে এবং একটি ইউরোপা লিগে। ইউনাইটেডের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোরও হ্যাটট্রিক সংখ্যা ফার্নান্দেজের সমান ৩টি।

এক ম্যাচে ৪ গোলে সরাসরি অবদান

ইপ্সউইচের বিপক্ষে ৩টি গোল করার পাশাপাশি ব্রায়ান এমবেউমোর একটি গোলে সহায়তা করেছেন ব্রুনো ফার্নান্দেজ। অর্থাৎ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের ৫ গোলের মধ্যে ৪টিতেই তার সরাসরি অবদান ছিল।

সদ্য উন্নীত দলগুলোর বিপক্ষে দুর্দান্ত রেকর্ড

প্রিমিয়ার লিগে সদ্য উন্নীত দলগুলোর বিপক্ষে সর্বশেষ ১৫ ম্যাচে মোট ১৭টি গোলে অবদান (৮ গোল, ৯ অ্যাসিস্ট) ফার্নান্দেজের। শুধু ওল্ড ট্রাফোর্ডেই সদ্য উন্নীত দলগুলোর বিপক্ষে সর্বশেষ ৯ ম্যাচে ১২ গোলে অবদান (৭ গোল, ৫ অ্যাসিস্ট) রেখেছেন। 

এক মৌসুমে সবচেয়ে বেশি সহায়তার রেকর্ড

২০২৫-২৬ মৌসুমে ব্রুনো ফার্নান্দেজ প্রিমিয়ার লিগে ২১টি গোলে সহায়তা করেন। এটি এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড। কাল ইপ্সউইচের বিপক্ষে আরেকটি গোলে সহায়তা করে নতুন মৌসুমেও নিজের অসাধারণ সৃষ্টিশীলতার ধারাবাহিকতা বজায় রেখেছেন।

LEAVE A REPLY