দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি, এখন কেমন আছেন দ্য গ্রেট খালি

সড়ক দুর্ঘটনায় দ্য গ্রেট খালির গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি : সংগৃহীত

ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) সাবেক কুস্তিগীর দ্য গ্রেট খালি সড়ক দুর্ঘটনায় পড়েছেন। এতে তার গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও তিনি আঘাত পাননি।

ভারতীয় সংবাদমাধ্যম মিড ডের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার হরিয়ানা রাজ্যের পানিপথের একটি টোল প্লাজায় দ্য গ্রেট খালি গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্তরা। 

তবে দ্য গ্রেট খালি নিজেই ভিডিও বার্তা দিয়ে সবাইকে আশ্বস্ত করেছেন। জানিয়েছেন, তিনি একেবারে সুস্থ আছেন।

ভিডিওতে দ্য গ্রেট খালিকে ক্ষতিগ্রস্ত গাড়ি থেকে নেমে অন্য একটি গাড়ির দিকে যেতে দেখা যায়। দুর্ঘটনার পর তিনি অন্য গাড়িতে করে গন্তব্যের দিকে রওনা দেন।

পরে ভিডিও বার্তায় দ্য গ্রেট খালি বলেন, ‘আমি একেবারে ঠিক আছি। এটা বড়সড় কোনো ব্যাপার ছিল না।এ নিয়ে আমি কাউকে চিন্তায় ফেলতে চাইনি বলেই আগে কিছু জানাইনি। কিন্তু দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ায় আপনাদের উদ্বেগ দূর করতেই আমার শারীরিক অবস্থার কথা জানালাম।’

ভক্তদের উদ্বেগ ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতাও জানিয়েছেন ৫৪ বছর বয়সী এই রেসলিং কিংবদন্তি।

দ্য গ্রেট খালি কে?

তার আসল নাম দলীপ সিং রানা। ১৯৭২ সালের ২৭ আগস্ট ভারতের হিমাচল প্রদেশের ধিরায়না শহরে তার জন্ম।

৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার এই ভারতীয় কুস্তিগীর ২০০০ সালে পেশাদার রেসলিংয়ে পা রাখেন। ২০০৬ সালে ডব্লিউডব্লিউইর সঙ্গে চুক্তি করেন এবং ২০০৭ সালে স্ম্যাকডাউনে অভিষেক হয় তার। অভিষেকেই আন্ডারটেকারকে আক্রমণ করে আলোচনায় আসেন তিনি।

khali
স্ত্রী ও কন্যা সন্তানের সঙ্গে দ্য গ্রেট খালি। ছবি: সংগৃহীত

ডব্লিউডব্লিউইতে দ্য গ্রেট খালির সবচেয়ে বড় সাফল্য আসে ২০০৭ সালে। বাতিস্তা ও কেইনকে পরাস্ত করে ২০ জনের ব্যাটল রয়্যাল জিতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতেন। এর মাধ্যমে তিনি ডব্লিউডব্লিউইর ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হন। চ্যাম্পিয়নশিপে তার রাজত্ব ছিল ৬০ দিনের। ২০০৮ সালে তিনি একটি স্ল্যামি অ্যাওয়ার্ডও জেতেন।

ডব্লিউডব্লিউই থেকে ২০১৮ সালে অবসরে যান দ্য গ্রেট খালি। পরে নিজের রেসলিং প্রতিষ্ঠান চালু করেন। ২০২১ সালে ডব্লিউডব্লিউই হল অব ফেমে জায়গা পান তিনি।

২০০২ সালে হারমিন্দার কৌর নামে এক নারীকে বিয়ে করেন দ্য গ্রেট খালি। এই দম্পতির দুই সন্তান—মেয়ের জন্ম ২০১৪ সালে, ছেলের জন্ম ২০২৩ সালে।

LEAVE A REPLY