সংগৃহীত ছবি
ছোটবেলা থেকেই গান, নাচ আর অভিনয়ের প্রতি গভীর টান ছিল চলচ্চিত্র অভিনেত্রী নূতনের। সিনেমার পর্দায় প্রিয় অভিনেত্রীদের অভিনয় ও সৌন্দর্য তাকে মুগ্ধ করত।বিশেষ করে ‘সাত ভাই চম্পা’ সিনেমায় কবরীর অভিনয় ও সৌন্দর্যে এতটাই মোহাবিষ্ট হয়েছিলেন তিনি যে, সিনেমাটিতে কবরীর পরা শাড়ির মতো একই শাড়ি কেনার জন্য অস্থির হয়ে পড়েছিলেন।
শেষ পর্যন্ত তৎকালীন সাত টাকা দিয়ে সেই শাড়ি কিনেছিলেন নূতন। নিজের অভিনয়জীবনের নানা অজানা গল্পের পাশাপাশি কবরীকে ঘিরে সেই স্মৃতিও তুলে ধরেছেন তিনি।
‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এ অংশ নিয়ে নিজের জীবনের এমন অনেক না বলা কথা জানিয়েছেন অভিনেত্রী নূতন।
পডকাস্টে নূতন জানান, একসময় ফোক ফ্যান্টাসি ঘরানার সিনেমার অপরিহার্য নায়িকা হিসেবে অসংখ্য সাপের সিনেমায় অভিনয় করেছেন তিনি।
এই ঘরানায় তার প্রথম সিনেমা ছিল ‘রাজমহল’। সিনেমাটির শুটিংয়ে জোড়া সাপ হাতে নিয়ে অভিনয় করতে গিয়ে মনের অজান্তেই দুটি সাপকে গলা টিপে মেরে ফেলেছিলেন বলে জানান নূতন।
অভিনেত্রী আরো জানান, একসময় প্রয়াত এহতেশাম তাকে ‘পীচ ঢালা পথ’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন।তবে সে সময় রাজি হননি তিনি। পরবর্তীতে ‘নতুন প্রভাত’ সিনেমার মাধ্যমে নায়িকা নূতন হিসেবে চলচ্চিত্র জগতে পা রাখেন।
জানা গেছে, পডকাস্টটি শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে।











































