বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল, পাত্র কে?

জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। বিয়ের খবরটি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি।শনিবার সকালে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি।

ছবিতে লাল জমকালো শাড়িতে দেখা গেছে পায়েলকে। পরিবারের সদস্যদের পাশাপাশি ছবিতে ছিলেন তার স্বামী আল-আমিন চৌধুরী। 

বিয়ের ছবি প্রকাশ করে পায়েল লিখেছেন, ‘আসসালামু আলাইকুম।আলহামদুলিল্লাহ, পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরীর সঙ্গে আমার বিয়ে হয়েছে। এখনকার সময়ে বিয়ে করে সুখে থাকার চেয়ে শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকতে পারি।’

পায়েলের এই পোস্টের পরই বিয়ের সময় নিয়ে কৌতূহল তৈরি হয়।পরে মন্তব্যের ঘরে বিষয়টি পরিষ্কার করেন তিনি। সেখানে লেখেন, ‘বিয়ে বেশ কয়েক দিন আগেই হয়েছে! তাই কয়দিন টিকবে—এই প্রশ্ন প্রযোজ্য নয়। আল্লাহ যদি চান, সারাজীবন টিকে যাবে। আর না চাইলে এখনই সব শেষ। দোয়া করবেন আমাদের জন্য।’

May be an image of one or more people, henna and wedding

জানা গেছে, পায়েলের স্বামী আল-আমিন চৌধুরী একজন ব্যবসায়ী। যুক্তরাজ্যে বেশ কয়েকটি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

ইশরাত পায়েল দীর্ঘদিন ধরে দেশের ছোট পর্দা ও বিভিন্ন বড় আয়োজনের উপস্থাপনায় নিয়মিত কাজ করছেন। ২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্য অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন আয়োজন উপস্থাপনা করে দর্শকদের নজর কাড়েন।

এরপর দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে উপস্থাপক হিসেবে নিয়মিত কাজ করেছেন পায়েল। উপস্থাপনার পাশাপাশি মডেলিং ও উদ্যোক্তা হিসেবেও নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি।

LEAVE A REPLY