জামিনে বেরিয়ে বিএনপি অফিসে হামলার অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

কুষ্টিয়ায় জামিনে বের হয়ে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপির পাঁচ থেকে ছয়জন সমর্থক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার পাটিকাবাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রুহুলের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জন ব্যক্তি বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেন। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং কার্যালয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মারধর করেন। এতে পাঁচ থেকে ছয়জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর নলকোলা গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে কয়েকজন নেতাকর্মী বসে মুড়ি মাখিয়ে খাচ্ছিলেন। এ সময় রুহুলের নেতৃত্বে লোকজন সেখানে গিয়ে হামলা ও ভাঙচুর চালান। পরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা আওয়ামী লীগ নেতা রুহুলের বাড়িতে ভাঙচুর করেন। তাঁর পাটের গোডাউনেও আগুন দেওয়া হয় বলে জানা গেছে।

বিএনপির নেতাকর্মীরা জানান, কয়েক দিন আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় ইবি থানায় একটি নাশকতার মামলা হয়। ওই মামলায় আওয়ামী লীগ নেতা রুহুলসহ অনেককে আসামি করা হয়। মামলায় জামিন পাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় মিষ্টিমুখ করেন। এরপরই বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে তাঁদের দাবি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY