সংগৃহীত ছবি
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ প্রায় ৯ মাস অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতা, অস্ত্রোপচার ও চিকিৎসার দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে আবারও শুটিংয়ে ফিরেছেন তিনি।‘অংশীদার’ নামের একটি নতুন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ক্যামেরার সামনে ফিরলেন এই অভিনেত্রী।
ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে নাটকটি। শুটিংয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে নির্মাতা তানিয়া বৃষ্টিকে স্বাগত জানিয়ে লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি’।
নাটকটির শুটিংয়ের কাজ শেষ হয়েছে বলেও জানিয়েছেন নির্মাতা।এতে তানিয়া বৃষ্টির সঙ্গে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদারসহ অনেকে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়।তবে উন্নত চিকিৎসার জন্য পরবর্তী সময়ে ভারতের চেন্নাইয়ে যেতে হয় তাকে। সেখানে আরও একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়।
দীর্ঘ চিকিৎসা ও বিরতির পর অভিনয়ে তানিয়া বৃষ্টির এই প্রত্যাবর্তনে স্বস্তি ফিরেছে তার ভক্তদের মধ্যে। এবার নতুন কাজের মধ্য দিয়ে আবারও নিয়মিত অভিনয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।









































