সংগৃহীত ছবি
‘বিমল ইলাইচি’র বিজ্ঞাপন ঘিরে আইনি জটিলতায় বলিউড অভিনেতা অজয় দেবগণ। মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) পাঠানো শোকজ নোটিশকে চ্যালেঞ্জ করে এবার বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা।আগামী ৪ নভেম্বর মামলাটির শুনানি হতে পারে।
মহারাষ্ট্র এফডিএর অভিযোগ, অজয় দেবগণ, শাহরুখ খান ও টাইগার শ্রফের অভিনীত ‘বিমল ইলাইচি’র বিজ্ঞাপনটি আসলে রাজ্যে নিষিদ্ধ ‘বিমল প্যান মসলা’র পরোক্ষ প্রচার। এ কারণে তাদের বিরুদ্ধে কেন আইনি পদক্ষেপ করা হবে না, তা জানতে চেয়ে অজয় দেবগণকে শো-কজ নোটিশ পাঠিয়েছিল সংস্থাটি।
এফডিএর ওই নোটিশের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন অজয়।একই সঙ্গে খাদ্য সুরক্ষা আইনের কয়েকটি বিধানের সাংবিধানিক বৈধতাও চ্যালেঞ্জ করেছেন তিনি। অভিনেতার দাবি, সংশ্লিষ্ট পণ্যের প্রস্তুতকারক সংস্থাকে নোটিশ না পাঠিয়ে কেবল বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত একজন অভিনেতা হিসেবে তাকে সরাসরি লক্ষ্যবস্তু করা অযৌক্তিক। আবেদনে তিনি আরো জানিয়েছেন, বর্তমানে এই ব্র্যান্ডের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।
বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠী ও বিচারপতি অদ্বৈত শেঠনার ডিভিশন বেঞ্চে আগামী ৪ নভেম্বর মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে ‘বিমল ইলাইচি’র মূল লাইসেন্সধারী প্রতিষ্ঠান ‘পিবি অ্যাগ্রো এলএলপি’ এফডিএর নোটিস খারিজের আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। তবে আদালত জানায়, যেহেতু বিষয়টি মহারাষ্ট্র এফডিএর সঙ্গে সম্পর্কিত, তাই এ নিয়ে মহারাষ্ট্রের আদালতেই শুনানি হওয়া উচিত। এরপরই বম্বে হাইকোর্টে মামলা করেন অজয় দেবগণ।
এদিকে মহারাষ্ট্র এফডিএর কমিশনার তুকারাম মুন্ধে জানিয়েছেন, তিন অভিনেতার বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগের তদন্ত শেষ হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।ফলে বিজ্ঞাপন ঘিরে অজয় দেবগণ, শাহরুখ খান ও টাইগার শ্রফের আইনি জটিলতা কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেখার বিষয়।










































