‘ওয়ার্ল্ড ওয়ার জি’র সিক্যুয়ালে ফিরছেন ব্র্যাড পিট

প্যারামাউন্ট পিকচার্সের বহু প্রতীক্ষিত ও সফল সিনেমা ‘ওয়ার্ল্ড ওয়ার জি’-এর সিক্যুয়ালে অভিনয়ে আনুষ্ঠানিকভাবে ফিরছেন ব্র্যাড পিট। অবশেষে সব জটিলতা কাটিয়ে সিনেমাটির দ্বিতীয় কিস্তি নির্মাণের কাজ পুরোদমে শুরু হতে যাচ্ছে।

‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ ও ‘কনক্লেভ’ খ্যাত প্রখ্যাত পরিচালক এডওয়ার্ড বার্গার ছবিটি পরিচালনা করবেন। চিত্রনাট্য লিখেছেন ডেনিস কেলি। তবে সিনেমার মূল কাহিনি বা গল্প কী হতে যাচ্ছে, তা এখনো গোপন রাখা হয়েছে। ব্র্যাড পিট তার প্রযোজনা সংস্থা ‘প্ল্যান বি’-এর ব্যানারে ডেডে গার্ডনার ও জেরেমি ক্লেইনারের সাথে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন।পরিচালক এডওয়ার্ড বার্গার এই প্রজেক্টে নির্বাহী প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করবেন।

ম্যাক্স ব্রুকসের ২০০৬ সালের বেস্টসেলার উপন্যাস অবলম্বনে ২০১৩ সালে মুক্তি পাওয়া মূল ‘ওয়ার্ল্ড ওয়ার জি’ বিশ্বব্যাপী ৫৪ কোটি ডলারের বেশি ব্যবসা করেছিল। মার্ক ফস্টার পরিচালিত প্রথম ছবিতে ব্র্যাড পিট জাতিসংঘের প্রাক্তন কর্মী ‘গেরি লেন’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে জম্বি মহামারী থামানোর লড়াই করেছিলেন।

উল্লেখ্য, এত দিন পর সিক্যুয়ালটি আলোর মুখ দেখতে যাচ্ছে।এর আগে ২০১৯ সালে ডেভিড ফিঞ্চারের পরিচালনায় এটি তৈরির উদ্যোগ নেওয়া হলেও তা বাতিল হয়ে যায়। পরবর্তীতে এপ্রিলে ‘সিনেমাকন’-এ প্যারামাউন্ট সিক্যুয়ালটি নিশ্চিত করে।

LEAVE A REPLY