আলোকস্বল্পতার কারণে আগেভাগেই মাঠ ছাড়ছেন নাঈম-জাকের।
লড়াইটা হচ্ছে নিজেদের মাঠে। উইকেট তাই হাতের তালুর মতো পরিচিত।কিন্তু লিড নেওয়ার পরেও দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ। তাতে ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে বসেছে স্বাগতিকরা।
ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের স্পিনবিষে একের পর এক উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। অবশ্য আলোকস্বল্পতার কারণে আগেভাগেই শেষ হয়েছে মিরপুর টেস্টের তৃতীয় দিন।টানা তৃতীয় দিন এমনটা হলো।
দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৭৯ রান। লিড দাঁড়িয়েছে ১০৬ রানে। মিরপুর টেস্টের এখনো ২ দিন বাকি থাকায় বাংলাদেশের আকাশে যেন কালো মেঘ।আগামীকাল চতুর্থ দিন শুরু করবেন জাকের আলি অনিক ও নাঈম ইসলাম। দুজনই অপরাজিত আছেন ১৮ রানে।
বাংলাদেশের ব্যাটিং-বিভীষিকার শুরুটা শামার জোসেফ করলেও মেরুদণ্ড ভেঙে দেন রোস্টন চেজ। ৫ রানের ব্যবধানে তিন উইকেট নিয়ে বাংলাদেশেকে ধ্বংসস্তূপে দাঁড় করান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। প্রথম ইনিংসে ৭ রান করলেও এবার রানের খাতাই খুলতে পারেননি বাঁহাতি ওপেনার তানজিদ হাসান।জোসেফের বলে ডাক মারেন তিনি।
এরপরেই চেজের ঘূর্ণি। সাদমান ইসলামকে ১৩ রানে বোল্ড করে শুরুটা করেন তিনি। ২ বল পর তাওহিদ হৃদয়কে ‘ডাক’ নিয়ে ফিরতে বাধ্য করেন। নিজের ফিরতি ওভারে ফেরান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। ১০ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন শান্ত।
দ্রুত সতীর্থদের পথ অনুসরণ করেন লিটন দাস (৪) ও মেহেদী হাসান মিরাজও (৯)। দুজনই জোমেল ওয়ারিক্যানের শিকার। তাতে ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত জাকের ও নাঈম অবিচ্ছিন্ন ২৬ রানের জুটি গড়ে দিন শেষ করেছে।
এর আগে বোলিংয়েও দুর্দান্ত ছিলেন নাঈম। ৪ উইকেটে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ২৪৫ রানে অলআউট করেন তিনি। তাতে বাংলাদেশ পায় ২৭ রানের লিড। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২৭২ রান।









































