সিমিওনে-মরিনহোর পুরনো দ্বৈরথ ফিরছে নতুন করে

আজ রাতে মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হবে সিমিওনের আতলেতিকো (বাঁয়ে) ও মরিনহোর রিয়াল। ছবি: সংগৃহীত

মাদ্রিদ ডার্বি মানেই উত্তেজনা, আবেগ আর মর্যাদার লড়াই। তবে আজকের ম্যাচে বাড়তি আকর্ষণ দুই দলের ডাগআউটে থাকা পরিচিত দুই মুখ দিয়েগো সিমিওনে ও জোসে মরিনহো।

১২ বছর পর আবার মুখোমুখি হচ্ছেন দুই কোচ। সর্বশেষ ২০১৪ সালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে দেখা হয়েছিল তাদের। তখন মরিনহো ছিলেন চেলসির কোচ, সিমিওনে আতলেতিকো মাদ্রিদের।

আজ বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় মেত্রোপলিতানোয় লা লিগায় মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ।ছয় ম্যাচে রিয়ালের পয়েন্ট ১৫, আতলেতিকোর ১৩। আজকের লড়াইয়ে তাই জয় পেলে আতলেতিকো রিয়ালের ওপরে উঠে আসবে। 

মরিনহোর অধীনে রিয়ালের নতুন মৌসুম ভালোই কাটছে। তবে সাত ম্যাচে ছয় জয় পেলেও শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ হারানোর প্রবণতা তাকে ভাবাচ্ছে।এলচের বিপক্ষে ৩-২ গোলের জয়ের পরও সেটিই ছিল তার বড় উদ্বেগ। 

মাদ্রিদ ডার্বি নিয়ে মরিনহো বলেছেন, ‘ডার্বি মানেই ইতিহাস, ফুটবল সংস্কৃতি এবং সমর্থক, খেলোয়াড় ও কোচদের আবেগ।’

আতলেতিকোও জয়ের ধারায় ফিরেছে। রিয়াল সোসিয়েদাদকে ৩-০ এবং ওসাসুনাকে ৪-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সিমিওনের দল।

চোটের কারণে শেষ দুই ম্যাচে না থাকা হুলিয়ান আলভারেজ দলে ফিরেছেন।তাকে শুরু থেকে খেলানো হবে কি না, সেটি অবশ্য নিশ্চিত নয়।

রিয়ালের বড় ভরসা কিলিয়ান এমবাপ্পে। সাত ম্যাচে আট গোল করেছেন ফরাসি তারকা। অন্যদিকে আতলেতিকোর আক্রমণে নজর থাকবে আলভারেজ ও জোনাথন ডেভিডের দিকে।

গত মৌসুমে এই মাঠে আতলেতিকো ৫-২ গোলে উড়িয়ে দিয়েছিল রিয়ালকে। মরিনহোর দল আজ সেই হারের বদলা নিতে চাইবে। 

LEAVE A REPLY