উত্তর সিরিয়ার একটি সামরিক ঘাঁটির অস্ত্রাগারে দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় চারজন আহত হয়েছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্থানীয় জনগণকে দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার এবং বাসাবাড়িতে অবস্থান করার জন্য কড়া নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে আলেপ্পো শহরের দক্ষিণে আল-ঈস এলাকার কাছে সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে প্রথম বিস্ফোরণটি ঘটে। তবে এর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করা যায়নি। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, প্রথম বিস্ফোরণের পরপরই সেখানে একের পর এক একাধিক বিস্ফোরণ ঘটতে থাকে, যার বিকট শব্দ পাওয়া গেছে কয়েক কিলোমিটার দূর থেকেও।
ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল, অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।নিরাপত্তা নিশ্চিত করতে দুর্ঘটনাস্থলের দিকে যাওয়ার সব পথ বন্ধ করে দিয়েছে আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী। পাশাপশি আলেপ্পোর গভর্নর বাসিন্দাদের আপাতত ঘরে থাকার পরামর্শ দিয়েছেন এবং চিকিৎসাসেবা ও জরুরি বিভাগগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের শেষের দিকে বাশার আল-আসাদ সরকারের পতন এবং দীর্ঘ গৃহযুদ্ধের সমাপ্তির পর থেকে সিরিয়ায় প্রায়ই এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটছে। সম্প্রতি পূর্বাঞ্চলীয় দেইর আজ জোর প্রদেশের একটি ঘাঁটিতে বিস্ফোরণে ১১ জন এবং চলতি মাসের শুরুতে ইদলিব প্রদেশের একটি অস্ত্রাগারে বিস্ফোরণে ১৪ জন নিহত হয়।









































