মেসির সঙ্গে তাগলিয়াফিকো। ছবি : এক্স থেকে
অবসরের ঘোষণা আগেই দিয়েছেন লিওনেল মেসি। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ঘরের মাঠ মনুমেন্তালে খেলবেন কিংবদন্তি।মেসির বিদায় ভাবাচ্ছে তার সতীর্থ নিকোলাস তাগলিয়াফিকোও।
সরাসরি না বললেও অবসরের ইঙ্গিতই দিয়ে রাখলেন তাগলিয়াফিকো। ৩৪ বছর বয়সী ডিফেন্ডার বলেছেন, ‘ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছি, তাই যতটা সম্ভব প্রতিটি মুহূর্ত উপভোগ করার চেষ্টা করছি। কারণ কখন শেষ সময় চলে আসবে কেউ জানে না।’
মেসির অবসর নিয়ে তাগলিয়াফিকো বলেছেন, ‘এ ধরনের ঘটনা সব সময়ই কঠিন। কিন্তু এটাই বাস্তবতা। এটা মেনে নিতে হবে। কোনো না কোনো সময় এমনটা হতোই। ম্যারাডোনার বিদায়ের পর আর্জেন্টিনা ফুটবল যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, মেসির বিদায়ের পরও আমাদের শক্তিশালী থাকতে হবে।’
মেসিকে ছাড়া সামনে এগিয়ে যেতে হবে বলেও সতীর্থদের বার্তা দেন তাগলিয়াফিকো। তিনি বলেছেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়কে আমরা টানা ২০ বছর দলে পেয়েছি। কিন্তু সামনে কী আসছে তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে, দল হিসেবে প্রতিনিয়ত এগোতে হবে। এটা সত্যি, বিষয়টিকে মেনে নেওয়া কঠিন, তবে আমাদের সামনে এগোতেই হবে।’
এর আগেও বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন তাগলিয়াফিকো। তাই মনুমেন্তালে বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ক্যারিয়ারের শেষ টানলে অবাক হওয়ার কিছু থাকবে না।









































