ভারতীয় লেগস্পিনার বিপরাজ নিগাম। ছবি : ক্রিকইনফো
‘কারো পৌষ মাস কারো সর্বনাশ’—বরুণ চক্রবর্তীর সর্বনাশে সময়টা পৌষ মাস হয় বিপরাজ নিগামের। কেননা চোটের কারণে বরুণ ছিটকে যাওয়ায় এশিয়ান গেমসে খেলার সুযোগ পেয়েছেন এই লেগস্পিনার।
তার আগে আজ জাপানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে অভিষেক হতে পারে নিগমের। এমন আনন্দময় মুহূর্তের অপেক্ষায় থাকা স্পিনারের জীবনে কালো ছায়ার শঙ্কা। তার বিরুদ্ধে যে যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন হায়দরাবাদের এক নারী। শুধু অভিযোগই করেননি, নিগামের বাড়ির সামনে অবস্থান নেন সেই নারী।
বিপরাজের দেখা না করা পর্যন্ত স্থান ত্যাগে রাজি ছিলেন না সেই নারী। তবে ২২ বছর বয়সী লেগস্পিনার দলের সঙ্গে জাপানে থাকায় শেষে নিজের অবস্থান থেকে সরে আসেন। এমনটিই নিজেদের প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরো বলা হয়েছে, সম্প্রতি অভিযোগকারী নারীর সঙ্গে ফোনে কথা বলেন নিগমের বাবা।এক সপ্তাহ পর বিষয়টি নিয়ে আলোচনা করার আশ্বাস দেন তিনি। ওই নারীও জানিয়েছেন, কোনো বিরোধ তৈরি করতে চান না তিনি। শুধু সরাসরি নিগমের সঙ্গে কথা বলতে চান।
অভিযোগকারী নারীর দাবি, ২০২৫ সালের মে মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিগমের সঙ্গে পরিচয় হয় তার। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান ভারতীয় স্পিনার।ওই নারীর দাবি, একই বছরের ২৯ জুলাই নয়ডার একটি হোটেলে নিয়ে গিয়ে তাকে যৌন ও শারীরিকভাবে নির্যাতন করা হয়।
এ ঘটনায় গৌতম বুদ্ধ নগর জেলার এক্সপ্রেসওয়ে থানায় অভিযোগ করা হয়। পরে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর মামলাটি নথিভুক্ত হয়।
থানায় পাল্টা অভিযোগ করেছেন নিগমও। ২০২৫ সালের ৮ নভেম্বর বারাবাঁকি কোতোয়ালি থানায় অভিযোগে তার দাবি, বিভিন্ন মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছেন ওই নারী।
প্রধান কাজ বোলিং হলেও ব্যাটিংটা কিছুটা পারেন নিগম। উত্তরপ্রদেশের হয়ে ৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৯ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন।









































