ছবি বিকৃতির প্রতিবাদে পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটরের পাশে হিনা পারভেজ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে নারীদের ছবি ও ভিডিও বিকৃত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এমপিএ হিনা পারভেজ বাট। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ্যে তুলে ধরায় টিকটক কনটেন্ট ক্রিয়েটর জান্নাত মির্জার প্রশংসাও করেছেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় হিনা বলেন, এআই দিয়ে তৈরি জান্নাত মির্জার একটি ভিডিও নিয়ে প্রকাশ্যে কথা বলে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে এনেছেন। হিনা পাঞ্জাব উইমেন প্রোটেকশন অথরিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন।

হিনা পারভেজ জানান, বর্তমান সময়ে মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে এআই। তবে প্রযুক্তির অপব্যবহার যেন কারও মর্যাদা, সম্মান বা ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন করার হাতিয়ার না হয়, সেটি নিশ্চিত করা জরুরি। নারীদের ছবি ও মুখ তাদের সম্মতি ছাড়া ব্যবহার করে এআইনির্ভর কনটেন্ট তৈরি করা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি। এমন ঘটনায় ক্ষতিগ্রস্ত নারীদের সহায়তায় পিডব্লিউপিএ পাশে থাকবে বলেও জানান হিনা।

জান্নাত মির্জার প্রতিক্রিয়ার কিছু স্ক্রিনশটও নিজের ভিডিও বার্তায় তুলে ধরেন হিনা। এর আগে জান্নাত তার অনুসারীদের সতর্ক করে বলেছিলেন, আজ হয়তো তার মুখ ব্যবহার করা হয়েছে, কিন্তু আগামীকাল অন্য কোনো মেয়ের মুখ ব্যবহার করে তার মর্যাদা ঝুঁকির মধ্যে ফেলা হতে পারে। জান্নাত জানান, ইন্টারনেটে তার প্রকাশ্য উপস্থিতি থাকলেও এআই দিয়ে তৈরি ওই ভিডিও তাকে অত্যন্ত অস্বস্তিতে ফেলেছে।

জান্নাতের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে নেই এমন অনেক মেয়ের ছবিও তাদের অজান্তে ব্যবহার করা হতে পারে। এআইকে শক্তিশালী প্রযুক্তি হিসেবে উল্লেখ করে তিনি জানান, কাউকে নিয়ে আপত্তিকর ভিডিও তৈরিতে এটি ব্যবহারের বিষয়টি হালকাভাবে নেওয়া উচিত নয়।

সম্প্রতি এআই ব্যবহার করে ছবি ও ভিডিও বিকৃতির একাধিক ঘটনা সামনে এসেছে। একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জনপ্রিয় অভিনেতাদের নিয়ে ডিপফেক ভিডিও প্রকাশের ঘটনাও আলোচনায় আসে। এর একটিতে হানিয়া আমিরকে নিয়ে তৈরি ডিপফেক ঘিরে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। এর আগে মে মাসে অভিনেতা রোমাইসা খান, ইমরান আব্বাস ও উশনা শাহ এআই-নির্ভর ছবি বিকৃতির বিরুদ্ধে সোচ্চার হওয়া কনটেন্ট ক্রিয়েটর রিজা রফিকের প্রশংসা করেছিলেন। রিজা দাবি করেছিলেন, এ ধরনের কর্মকাণ্ড আইনিভাবে অপরাধ।

সূত্র: দ্য ডন

LEAVE A REPLY