চাকরিজীবীদের পেনশন বাড়বে ৮ ধাপে, কোন বছরে কত শতাংশ

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের পেনশন নির্ধারণে চাকরিকালকে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন কাঠামোয় চাকরির মেয়াদ বাড়ার সঙ্গে ধাপে ধাপে বাড়বে পেনশনের হার।৫ বছর চাকরি থেকে শুরু করে ২৫ বছর বা তার বেশি চাকরির জন্য মোট আট ধাপে পেনশনের হার নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ৯০ শতাংশ হারে পেনশন পাওয়ার বিধান রাখা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সাম্প্রতিক প্রজ্ঞাপনে পেনশনযোগ্য চাকরিকাল, নিট পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন ও ছুটি নগদায়নের নতুন নিয়ম নির্ধারণ করা হয়েছে। আদেশটি গত ১ জুলাই থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর হবে।

নতুন নিয়মে অবসরের সময় সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে পেনশন হিসাব করা হবে। চাকরিকাল অনুযায়ী পেনশনের হার হলো, ৫ বছরে ২১ শতাংশ, ১০ বছরে ৩৬ শতাংশ, ১৫ বছরে ৫৪ শতাংশ এবং ২০ বছরে ৭২ শতাংশ।

এরপর ২১ বছরে ৭৫ শতাংশ, ২২ বছরে ৭৯ শতাংশ, ২৩ বছরে ৮৩ শতাংশ এবং ২৪ বছরে ৮৭ শতাংশ হারে পেনশন নির্ধারণ করা হবে। ২৫ বছর বা তার বেশি চাকরি করলে সর্বোচ্চ ৯০ শতাংশ হারে পেনশন পাওয়া যাবে।নতুন কাঠামোয় কম চাকরিকালের ক্ষেত্রেও আগের তুলনায় ধাপে ধাপে পেনশনের সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

LEAVE A REPLY