জিনেদিন জিদানের শুরুর অধ্যায়টা রঙিন করলেন কিলিয়ান এমবাপ্পে। কোচিং ক্যারিয়ারের অভিষেক ম্যাচে ফ্রান্স কিংবদন্তিকে তুরস্কের বিপক্ষে জয় এনে দিয়ে।কিন্তু জয়সূচক গোলের পরেই দুঃখ সঙ্গী হলো ফ্রান্সের অধিনায়কের।
হাঁটুর চোট এমবাপ্পেকে ছিটকে দিয়েছে নেশনস লিগের বাকি অংশ থেকে। আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা না এলেও কোচ জিদানের কথায় তেমনি ইঙ্গিত পাওয়া গেছে। শিষ্যকে নিয়ে ঝুঁকি নিতে চান না তিনি।
ম্যাচ শেষে জিদান বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, পরিস্থিতি খুব একটা সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হয় তাকে ক্লাবে ফিরে যেতে হবে। আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। তার হাঁটু ফুলে গেছে, যা মোটেও ভালো লক্ষণ নয়।’
এমবাপ্পের চোট নিয়ে মাঠ ছাড়ার ঘটনাটি ৬৭ মিনিটে জয়সূচক গোল দেওয়ার পর। তুরস্কের মাঠে ১-০ ব্যবধানের জয়ের গোলটি মাইকেল ওলিসের পাস থেকে করেন রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার। ফ্রান্সের হয়ে তার ৬৭তম গোল। গোল করার পর যখন উদযাপন শুরু করবেন তখনই খোঁড়াতে দেখা যায় তাকে। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরেও যখন অস্বস্তি দূর হচ্ছিল না তখন মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
খেলোয়াড় হিসেবে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন জিদান। এবার জাতীয় দলের ডাগআউটে দাঁড়িয়ে নিজের স্বপ্ন পূরণ করলেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার। ফ্রান্সের দায়িত্ব নেওয়ার আগে দুই মেয়াদে শুধু প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন রিয়ালের হয়েই। ২০১৬-২০১৮ এবং ২০১৯-২০২১ এ সময় রিয়ালকে তিনটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লা লিগা শিরোপা জেতান ৫৪ বছর বয়সী কোচ।











































