জান্নাত ইমান্তা। সৌজন্য ছবি
ছেলেদের সঙ্গে অনুশীলন করে বিকেএসিপতে সুযোগ পান অচেনা জান্নাত ইমান্তা। এবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে পাকিস্তানে খেলার অপেক্ষায় তিনি।
জান্নাত ইমান্তা বোচাগঞ্জ উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের বুড়াশাহা গ্রামের বাসিন্দা মেম্বার আনিসুর রহমান ও আটগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকলিমা খাতুন দম্পতির মেয়ে।
জান্নাতের মায়েরও স্বপ্ন ছিল খেলোয়াড় হওয়ার। সমর্থন না পাওয়ায় আকলিমা খাতুন স্বপ্ন পূরণ করতে পারেননি। তবে মেয়ের পাশে ঠিকই দাঁড়িয়েছেন তিনি।নিজের শৈশবের স্মৃতি হাতড়ে আকলিমা বলেন, ‘আমি এক সময় ভালো খেলতাম। কিন্তু সাপোর্ট পাইনি। তাই সামনে এগোতে পারিনি। আমার মেয়ের ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে তাকে যখন সেতাবগঞ্জ ক্রিকেট একাডেমিতে ভর্তি করাতে যাই।তখন সেখানে কোনো মেয়ে খেলোয়াড় ছিল না। তাই তারা ভর্তি নিতে চায়নি। আমি তাদেরকে অনেক বুঝিয়ে রাজি করাই। পরে তারা ভর্তি করে নেয়। আমার মেয়েকে একাই ছেলেদের সঙ্গে অনুশীলন করতে হয়েছে।সেতাবগঞ্জ ক্রিকেট একাডেমির কোচ ও ছেলে শিক্ষার্থীরা তাকে সবাই সহযোগিতা করেন।’
সেতাবগঞ্জ ক্রিকেট একাডেমিতে নিজেকে শাণিত করেই পরে ২০২১ সালে বিকেএসপিতে সুযোগ পান জান্নাত। এবার দেশের প্রতিনিধি হয়ে পাকিস্তানে যাচ্ছেন তিনি। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে আকলিমা বলেন, ‘পরে ২০২১ সালে অচেনা জান্নাত ইমান্তা বিকেএসপিতে চান্স পায়। সেখান থেকে সে উচ্চ মাধ্যমিক পাস করেছে। সেখান থেকেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পায়। আজ সে ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে। আমি তার জন্য বোচাগঞ্জসহ দেশবাসীর কাছে দোয়া চাই।’
শিষ্য অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পাওয়ায় গর্ববোধ করছেন জান্নাতের গুরু নূর আলম রনি। সেতাবগঞ্জ ক্রিকেট একাডেমির কোচ রনি বলেন, ‘আমার একাডেমিতে কোনো মেয়ে খেলোয়াড় ছিল না। এখনো নেই। প্রথমে তাকে ভর্তি করে নিতে চাইনি। পরে তার মায়ের পিড়াপিড়িতে ভর্তি করে নিই। সবার সহযোগিতায় তার নিজের প্রচেষ্টায় এত ছেলের মাঝে মাত্র একজন মেয়ে দুই বছর কোচিং করে বিকেএসপিতে ভর্তি হওয়ার সুযোগ পায়। আজ সে সাফল্য পেয়েছে, বাংলাদেশের হয়ে খেলবে। এ জন্য আমি আনন্দিত ও গর্বিত। আমি তার সফলতা কামনা করছি।’
জান্নাতকে বোচাগঞ্জের তরুণ-তরুণীদের অনুপ্রেরণা বলে জানান মারুফ হাসান। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি বলেন, ‘অচেনা জান্নাত ইমান্তার এই অর্জনে আমরা গর্বিত। প্রতিকূলতা পেরিয়ে সে যেভাবে এগিয়ে যাচ্ছে, তা বোচাগঞ্জের অন্য তরুণ-তরুণীদেরও অনুপ্রাণিত করবে। তার সাফল্য কামনা করছি এবং ভবিষ্যতেও তার পাশে থাকার চেষ্টা করব।’
বাংলাদেশ-পাকিস্তান ছাড়াও ত্রিদেশীয় সিরিজের অন্য দল হচ্ছে শ্রীলংকা। আজ রাতে ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল।










































