জোভান-তৌসিফের বন্ধুত্বে ভক্তদের ভার্চুয়াল যুদ্ধ

সংগৃহীত ছবি

পছন্দের অভিনয়শিল্পীকে সেরা প্রমাণ করতে ভক্তদের মধ্যে ভার্চুয়াল লড়াই নতুন কিছু নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ফেসবুক গ্রুপে প্রায়ই প্রিয় তারকাকে এগিয়ে রাখতে অন্য তারকার ভক্তদের সঙ্গে তর্কে জড়ান অনেকে।কখনো কখনো সেই তর্ক গড়ায় রীতিমতো ঝগড়া কিংবা কটূক্তিতেও।

তবে এবার যে দুই তারকাকে ঘিরে ভক্তদের এমন ভার্চুয়াল যুদ্ধ, তারা দুজনই একে অপরের কাছের বন্ধু। শুধু বন্ধুই নন, অভিনয়জীবনের শুরু থেকেই একসঙ্গে পথ চলছেন ফারহান আহমেদ জোভান ও তৌসিফ মাহবুব। ভক্তদের এমন প্রতিদ্বন্দ্বিতার মাঝেই তাদের বন্ধুত্বের জায়গাটি মনে করিয়ে দিয়েছেন জোভান।

বুধবার দুপুরে তৌসিফের সঙ্গে একটি ছবি প্রকাশ করে ভক্তদের উদ্দেশে নিজের ফেসবুকে জোভান লিখেছেন, ‘আমাদের দুজনকে নিয়ে ভক্তদের নিজেদের মধ্যে এত ঝগড়াঝাঁটি, এত ভার্চুয়াল মারামারি করার আগে একটা জিনিস জেনে রাখেন, আমরা একে অপরকে যতটা সম্মান করি, আপনারা একে অপরকে ততটা সম্মান করেন না।’

May be an image of one or more people, beard, people smiling and text

জোভান ও তৌসিফের বন্ধুত্ব অবশ্য বেশ পুরোনো। ক্যারিয়ারের শুরুতেই রেদওয়ান রনির পরিচালনায় ‘ঝালমুড়ি’ ধারাবাহিক নাটকে একসঙ্গে অভিনয় করেন তারা। এরপর নিয়মিত একসঙ্গে কাজ করতে গিয়ে ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব।দেখতে দেখতে তাদের সম্পর্কের বয়স প্রায় ১৩ বছর।

ব্যস্ততা বাড়লেও সেই বন্ধুত্বে ভাটা পড়েনি। এখনো সুযোগ পেলেই একসঙ্গে আড্ডা দেন তারা। বন্ধুত্বের এই সম্পর্ক নিয়ে এর আগে জোভান বলেছিলেন, ‘আমরা সবাই একটা ব্যাপার অনুভব করি, ব্যস্ততা যতই থাকুক না কেন, মাঝেমধ্যে দেখা হওয়া জরুরি। কারণ, বন্ধুরা এক হলে মন ভালো হয়।আড্ডায় আমাদের খোঁচাখুঁচি চলতেই থাকে। বেশির ভাগ সময় আমরা ক্যারিয়ার, ব্যক্তিগত নানা কিছু নিয়ে মজা করি…খুনসুটি আরকি। বন্ধুদের মধ্যে যা হয়। এখনো তৌসিফের সঙ্গে যখনই দেখা হোক বা কথা হোক, ওই সম্পর্ক আগের মতো।’

জোভানের পোস্টে ভক্তদের মন্তব্যেও ফুটে উঠেছে সেই প্রতিদ্বন্দ্বিতার চিত্র। একজন লিখেছেন, ‘জোভান ভাই আমার কাছে সেরা।’ জবাবে আরেকজন মন্তব্য করেছেন, ‘তৌসিফ ভাই সেরা।’

রাজীব অভি নামের একজন মন্তব্যে লিখেছেন, ‘গ্রুপে বা পোস্টে ফ্যানরা যেমন ঝগড়াঝাঁটি করে দিন শেষে জেনে রাখুন তারাও ইনবক্সে একসঙ্গে আড্ডা দেয়। সম্পর্ক হাতেগোনা দুই-একজন ছাড়া সবার সঙ্গেই সবার বেশ ভালো।’

সবশেষে ভক্তদের এই ভার্চুয়াল লড়াইয়ের বিষয়টি একেবারে নিজের মতো করে তুলে ধরেছেন জোভান। তার কথায়, ‘যুদ্ধটা আপনাদের, বন্ধুত্বটা আমাদের। ভালোবাসাটা আমাদের। আপনারা ফ্যান হয়ে একে অপরের সঙ্গে যুদ্ধ করেন, আর আমরা প্রতিযোগী হয়ে একসঙ্গে আড্ডা দিই।’

LEAVE A REPLY