২১ বছর ধরে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত নিক জোনাস, জানালেন অভিজ্ঞতা

সংগৃহীত ছবি

মাত্র ১৩ বছর বয়সে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত হন মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। এরপর কেটে গেছে ২১ বছর।দীর্ঘ এই সময়ে রোগটির সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হয়েছে তাঁকে। প্রতিদিন রক্তে শর্করার মাত্রা পর্যবেক্ষণ, ইনসুলিন নেওয়া এবং খাবারের কার্বোহাইড্রেট হিসাব করা—সব মিলিয়ে অসংখ্য ছোট ছোট সিদ্ধান্ত নিতে হয় তাকে। সম্প্রতি নিজের এই দীর্ঘ অভিজ্ঞতার কথা খোলামেলাভাবে জানিয়েছেন তিনি।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় ডায়াবেটিস সচেতনতা মাস ও বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডেক্সকমের ‘আ লেটার টু ডায়াবেটিস’ প্রচারণায় অংশ নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন নিক।১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়।

নিজের লেখা খোলা চিঠিতে নিক জানান, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে তাকে প্রায় প্রতি কয়েক মিনিট পর পর ফোনে রক্তে গ্লুকোজের মাত্রা দেখতে হয়। খাবার খাওয়ার আগে কার্বোহাইড্রেটের পরিমাণ হিসাব করে ইনসুলিন পাম্পের মাধ্যমে প্রয়োজনীয় ইনসুলিন নিতে হয়। প্রতি সপ্তাহে এমন শত শত ছোট সিদ্ধান্ত নিতে হয় তাঁকে, যেগুলো অন্যদের চোখে পড়ে না।

নিকের ভাষায়, ডায়াবেটিসের সঙ্গে জীবনযাপন মানে শরীর, মন ও প্রযুক্তির মধ্যে চলমান এক ধরনের কথোপকথন। কখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, আবার কখনো যথেষ্ট সতর্ক থাকার পরও রক্তে শর্করার মাত্রা অনিয়ন্ত্রিত হয়ে পড়ে।

তিনি জানান, রোগটির অনিশ্চয়তা শুরুতে তাকে বেশ বিপাকে ফেলেছিল। নিজের জীবনকে একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে রাখার চেষ্টা করলেও বছরের পর বছর ধরে বুঝেছেন, সবকিছু সব সময় নিজের নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। কখনো কখনো ডায়াবেটিস ছাড়া জীবন কেমন হতো, সেই ভাবনাও আসে তাঁর মনে।

খোলামেলা কথা বলেই পেয়েছেন নিজের মানুষ

দীর্ঘদিনের এই শারীরিক চ্যালেঞ্জের পাশাপাশি মানসিকভাবেও নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে নিককে। ছোটবেলা ও কৈশোরে বিভিন্ন জায়গায় নিজেকে মানিয়ে নিতে এবং নিজের মতো মানুষের সঙ্গে সংযোগ তৈরি করতে অসুবিধা হতো তাঁর।

তবে টাইপ-১ ডায়াবেটিস নিয়ে প্রকাশ্যে কথা বলা এবং একই রোগে আক্রান্ত অন্যদের সঙ্গে পরিচিত হওয়ার পর নিজের মধ্যে একধরনের আপন অনুভূতি তৈরি হয়েছে বলে জানান তিনি।

নিক বলেন, তিনি কখনো নিজেকে অসহায় হিসেবে তুলে ধরতে চাননি। বরং তাঁর অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার উদ্দেশ্য হলো, ১৩ বছর বয়সে হাসপাতালে শুয়ে সদ্য ডায়াবেটিসে আক্রান্ত হওয়া কোনো কিশোর যেন বুঝতে পারে, এই রোগ নিয়েও স্বপ্ন পূরণ করা সম্ভব।

তিনি চান, তার গল্প দেখে নতুন করে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা সাহস পান এবং নিজেদের একা মনে না করেন।

টাইপ-১ ডায়াবেটিসের লক্ষণ ও সচেতনতা

টাইপ-১ ডায়াবেটিস একটি অটোইমিউন রোগ। এতে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা ভুলবশত অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোকে আক্রমণ করে। ফলে শরীরে ইনসুলিনের ঘাটতি দেখা দেয়। টাইপ-২ ডায়াবেটিসের তুলনায় টাইপ-১ ডায়াবেটিসের লক্ষণ সাধারণত দ্রুত প্রকাশ পেতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত ৪০ শতাংশের বেশি মানুষ জানেন না যে তারা এই রোগে ভুগছেন। সময়মতো রোগ শনাক্ত না হলে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা পাওয়া কঠিন হয়ে পড়ে।

ডায়াবেটিসের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব, ক্লান্তি এবং ঝাপসা দেখা। বিশেষ করে টাইপ-১ ডায়াবেটিস দ্রুত জটিল আকার ধারণ করতে পারে বলে এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

২১ বছরের অভিজ্ঞতা তুলে ধরে নিক জোনাসের বার্তা, ডায়াবেটিস জীবনের বাস্তবতা বদলে দিলেও এই রোগ নিয়ে স্বপ্ন দেখা কিংবা নিজের লক্ষ্য পূরণ থামিয়ে দেওয়ার প্রয়োজন নেই। সচেতনতা, নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনার মাধ্যমে এই রোগ নিয়েও এগিয়ে যাওয়া সম্ভব।

LEAVE A REPLY