স্পেনের বিশ্বকাপ জয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তে। ছবি: রয়টার্স
উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে নিজেদের অপরাজিত থাকার ধারাটি ৪৩ ম্যাচে নিয়ে গেছে স্পেন। তবে তাদের উন্নতির ক্ষুধা এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন দলটির বিশ্বকাপ জয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তে।
আন্তর্জাতিক বিরতিতে চার ম্যাচের চারটিতেই জিতেছে স্পেন। ‘এ৩’ গ্রুপে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো মজবুত করেছে তারা। দুইয়ে থাকা ইংল্যান্ডের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে স্প্যানিশরা।
২০২৪ সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে হারের পর থেকেই অপরাজিত স্পেন।অজেয় থাকার থাকার ধারাটা লম্বা করতে করতে ৪৩ ম্যাচে নিয়ে গেছে বর্তমান ইউরো ও বিশ্ব চ্যাম্পিয়নরা।
কাল রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের শুরুটা অবশ্য স্পেনের জন্য সহজ ছিল না। নিজেদের মাঠে শুরু থেকেই বেশ গোছালো ফুটবল খেলতে থাকে ক্রোয়াটরা। ১৭ মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়েও যায় তারা।প্রথমার্ধে স্পেনকে বেশ চাপের মধ্যেই কাটাতে হয়।
তবে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা মিকেল মেরিনো ম্যাচের দৃশ্যপট বদলে দেন। ৬১ মিনিটে আর্সেনালের এই তারকার গোলে সমতায় ফেরে স্পেন। এরপর ম্যাচের ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দেশকে জেতান এই ‘সুপার সাব’।
ম্যাচ শেষে দলের মানসিকতা ও জয়ের ক্ষুধার প্রশংসা করেন কোচ দে লা ফুয়েন্তে, ‘খেলোয়াড়দের ক্ষুধা ও জয়ের তীব্র আকাঙ্ক্ষা অপরিসীম।তারা কখনো তৃপ্ত হয়ে বসে থাকে না। সব সময় আরো বেশি কিছু চায়। শুধু আজকের ম্যাচে নয়, পুরো পথচলাতেই তারা দেখিয়েছে যে জয়ের জন্যই মাঠে নামে।’
বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরও তার দল আত্মতুষ্টিতে ভুগছে না জানিয়ে ফুয়েন্তে আরো বলেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন হয়েই আমরা সন্তুষ্ট নই। প্রতিদিন আরো উন্নতি করাই আমাদের মূল লক্ষ্য।’
ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথমার্ধের পারফরম্যান্স নিয়েও নিজের মূল্যায়ন দিয়েছেন দে লা ফুয়েন্তে। তার মতে, বিরতির পর ধৈর্য ধরে খেলেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে নেয় স্পেন, ‘প্রথমার্ধে আমাদের কিছুটা ভুগতে হয়েছে। ক্রোয়েশিয়া বেশ চাপ সৃষ্টি করে ম্যাচটি কঠিন করে তুলেছিল। তবে দ্বিতীয়ার্ধে আমরা ধৈর্য ধরেছি, তাদের পরিশ্রান্ত করেছি এবং গোলের সুযোগ তৈরি করেছি।’
মেরিনোকে নিয়ে দে লা ফুয়েন্তের মূল্যায়ন, ‘প্রতিটি পজিশনে আমাদের কাছে বিশ্বের সেরা ফুটবলার আছে এবং মিকেল সেই মানেরই একজন। বিশ্বের যেকোনো ক্লাব বা যেকোনো জাতীয় দলে খেলার যোগ্যতা তার আছে।’








































