সংগৃহীত ছবি
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান বরাবরই নিজের মতো করে জীবনযাপন করতে পছন্দ করেন। অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও তাকে ঘিরে থাকে নানা আলোচনা।৬০ পেরিয়ে গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন করে জীবন শুরুর পর এবার নিজের নতুন লুক নিয়ে আলোচনায় এই অভিনেতা। পাকা চুল নিয়েই সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছেন তিনি। কেন চুলে আর কলপ দিচ্ছেন না, সেই কারণও জানিয়েছেন নিজেই।
৬১ বছর বয়সী আমিরের চুলে রুপালি আভা দেখে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই অবাক হয়েছেন।তবে নিজের চেহারার এই পরিবর্তন নিয়ে একেবারেই বিচলিত নন অভিনেতা। বরং স্বাভাবিকভাবে বয়সের ছাপকে গ্রহণ করে ‘সল্ট অ্যান্ড পেপার’ লুকেই স্বচ্ছন্দ তিনি।
সম্প্রতি পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে একটি প্যানেল আলোচনায় অংশ নেন আমির। সেখানে তার নতুন চেহারা নিয়ে কৌতূহল তৈরি হয়।অনেকেরই প্রশ্ন, এটি কি আসন্ন কোনো সিনেমার চরিত্রের প্রস্তুতি, নাকি অন্য কোনো কারণে চুলে রং করা বন্ধ করেছেন তিনি?
এমন জল্পনার অবসান ঘটিয়ে আমির বলেন, ‘এই লুকের বিশেষ কোনো কারণ নেই। আমি শুধু চুলে কলপ দেওয়া বন্ধ করে দিয়েছি। খুব একঘেয়ে লাগছিল।’
অর্থাৎ নতুন কোনো চরিত্রের প্রয়োজনে নয়, একঘেয়েমি কাটাতেই চুলে রং করা বন্ধ করেছেন অভিনেতা। নিজের স্বাভাবিক চেহারা নিয়েই থাকতে চান তিনি।
আমিরের নতুন লুক নিয়ে মজাও করেছেন পরিচালক সুভাষ ঘাই। তার ধারণা, অভিনেতার এই পরিবর্তনের পেছনে হয়তো আসন্ন কোনো সিনেমার চরিত্রের প্রস্তুতি রয়েছে। রসিকতা করে তিনি বলেন, ‘যখনই ওকে অন্যরকম সাজে দেখবে, বুঝে নিতে হবে যে ও কোনও চরিত্র নিয়ে পড়াশোনা করছে।’
তবে আমিরের বক্তব্যে স্পষ্ট, এবার কোনো চরিত্রের প্রয়োজনে নয়, নিজের পছন্দেই এই পরিবর্তন এনেছেন তিনি। আর চুলে কলপ না করার সিদ্ধান্ত প্রকাশ্যে জানানোর পর তার স্বাভাবিক লুক ও আত্মবিশ্বাসের প্রশংসা করছেন অনুরাগীদের অনেকে।











































