দ্বিতীয় দিনেও আলোকস্বল্পতা, আগেভাগেই খেলা শেষ

দ্বিতীয় দিনের খেলা শেষে মাঠ ছাড়ছে বাংলাদেশ দল। ছবি: মীর ফরিদ

মিরপুর টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও খেলা থামল আলোকস্বল্পতায়। তবে শুরুতে ব্যাটিংয়ে হতাশার পর শেষ ভাগে দারুণ বোলিংয়ে কিছু স্বস্তিতে দিন শেষ করেছে বাংলাদেশ।

৬ উইকেট হাতে নিয়ে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ এখনো পিছিয়ে ১৩৮ রানে। শেষ বিকেলে ৭ রানের মধ্যে ক্যারিবীয়দের ৩ উইকেট তুলে নেন বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। 

Miraj OUT
৫১ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারায় বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার সকালে ৩ উইকেটে ২১৩ রান নিয়ে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথম ইনিংস খুব বেশি লম্বা করতে পারেনি।আগের দিন ৯৯ রানে অপরাজিত থাকা সাদমান ইসলাম আজ ব্যাটিংয়ে নেমেই সেঞ্চুরি স্পর্শ করেন। তবে এরপর বেশিদূর এগোতে পারেননি। আউট হন ১০৫ রানে। 

কাল চোট নিয়ে স্ট্রেচারে মাঠ ছাড়া তাওহিদ হৃদয় কোনো রান যোগ করতে পারেননি।আউট হন ৪২ রানেই। এরপর দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। এক সময় ৩ উইকেটে ২২১ রান তুলে ফেলা দলটা ৫১ রান যোগ করতেই শেষ ৭ উইকেট হারায়। 

লিটন দাস অপরাজিত থাকেন ৩৪ রানে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জোমেল ওয়ারিক্যান নেন ৫ উইকেট।

ব্যাটিংয়ে নেমে দলীয় ২৯ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্টর ইন্ডিজ। ব্র্যান্ডন কিংকে (১৫) ফেরান পেসার হাসান মাহমুদ। 

এরপর জন ক্যাম্ববেল ও তেজনারায়ণ চন্দরপল ৬১ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন। দুজন ক্রিজে থিতু হয়ে যাওয়ায় মনে হচ্ছিল, বাংলাদেশের বোলারদের পক্ষে আজ এই জুটি ভাঙা কঠিন হবে। 

Taijul
তাইজুল এক ওভারে জোড়া উইকেট নেন। 

তবে শেষ পর্যন্ত সাফল্য এনে দেন মিরাজ। ফিফটি পেরোনো ক্যাম্পবেলকে অধিনায়ক শান্তর ক্যাচ বানিয়ে ফেরান মিরাজ। এরপর তাইজুল এক ওভারেই ফেরান কাভেম হজ ও আমির জাঙ্গুকে।   

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৯৭.৪ ওভারে ২৭২ অলআউট (সাদমান ১০৫, হৃদয় ৪২, লিটন ৩৪*; ওয়ারিক্যান ৫/৫৩, জোসেফ ২/৪১, বিশপ ২/৬১)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৮ ওভারে ১৩৪/৪ (ক্যাম্পবেল ৫৮, চন্দরপল ৪৩*, গ্রিভস ১৫*; তাইজুল ২/৪৪, হাসান ১/২৫, মিরাজ ১/৪৪)।
*দ্বিতীয় দিন শেষে।

LEAVE A REPLY