এবিজি ইউনিভার্সিটি কাপ টুর্নামেন্ট ফুটবলে গ্রুপ ‘এ’র ম্যাচে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে (ইউআইইউ) হারিয়েছে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে ইউআইইউ ৩-১ ব্যবধানে হারিয়ে ডার্বি ম্যাচে একক আধিপত্য দেখাল ফারইস্ট।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এবিজি স্পোর্টস সিটির বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই ইউআইইউকে চেপে ধরে ফারইস্ট। খেলার মাত্র ৪ মিনিটেই দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নেন ফারইস্টের মোকাব্বির। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় ফারইস্ট।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের ধার আরো বাড়িয়ে দেন ফারইস্টের খেলোয়াড়রা।ফলশ্রুতিতে ম্যাচের ৩৯ মিনিটে মশিউরের দর্শনীয় গোলে ব্যবধান দ্বিগুণ করেন তারা।
ম্যাচের শেষ মুহূর্তে ইউনাইটেডের সাকিব একটি গোল পরিশোধ করলে শুধুই ব্যবধান কমায়। যোগ করা সময়ে মশিউর নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে তৃতীয় গোল করে ইউনাইটেডের বিপক্ষে ব্যবধান আরো বাড়িয়ে নেয় ফারইস্ট।
শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের দাপুটে জয় ও মূল্যবান ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরা নির্বাচিত হন মশিউর।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।
দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় গত ২৫ অক্টোবর শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ-২০২৬’।








































