ছবি : রয়টার্স
ইউরোপীয় টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে ফ্র্যাঞ্চাইজি কিনলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ফাফ ডু প্লেসি, জন্টি রোডস এবং হেইনরিচ ক্লাসেন। দলের নাম রাখা হয়েছে রটারডাম ডকার্স। ফাফ ডু প্লেসি এই দলের মালিকানার পাশাপাশি উদ্বোধনী আসরে অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আয়োজকরা এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লিগটির উদ্বোধনী মৌসুম আগামী ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে। যা ইউরোপের ছয়টি শহরে অনুষ্ঠিত হবে।
এটি আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ডগুলোর সহযোগিতায় আয়োজিত বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা(আইসিসি) অনুমোদিত একটি টুর্নামেন্ট।
আমস্টারডাম, রটারডাম, বেলফাস্ট, ডাবলিন, গ্লাসগো এবং এডিনবার্গ নিয়ে মোট ৬টি শহরভিত্তিক ফ্র্যাঞ্চাইজি এই লিগে অংশ নেবে।
এছাড়া লিগটিতে বিশ্বের আরও অনেক তারকা ক্রিকেটার এবং ব্যক্তিত্ব বিনিয়োগ করেছেন। অভিনেতা অভিষেক বচ্চন এই লিগের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা ও সহ-মালিক।
স্টিভ ওয়াহ, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস গেইল এবং নাথান ম্যাককালামের মতো তারকারাও অন্যান্য ফ্র্যাঞ্চাইজির মালিকানার সাথে যুক্ত রয়েছে। রাহুল দ্রাবিড় এবং রবিচন্দ্রন অশ্বিন ডাবলিন-ভিত্তিক একটি ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য আলোচনা করছেন বলে জানা গেছে।











































