সংগৃহীত ছবি
তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা—এমন কথার গানটি অনেক বছর আগের হলেও এখনো মানুষের মুখে মুখে ফিরে। তরুণ মুন্সীর লেখা জুয়েল-বাবুর সুরে খালিদের গাওয়া অসম্ভব জনপ্রিয় গান ‘সরলতার প্রতিমা’ নতুন আবহে কণ্ঠে তুলেছেন এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী টিনা রাসেল। তৈরি করেছেন একটি ভিডিও। আর সেটি শিল্পী নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন।
গতকাল ১৮ মার্চ ছিল নব্বই ও শূন্য দশকের তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদের প্রথম মৃত্যুবার্ষিকী। তার স্মরণেই নতুন আবহে গানটি উন্মুক্ত করেন এই গায়িকা।
গানটি প্রকাশ প্রসঙ্গে টিনা বলেন, ‘একজন সত্যিকারের শিল্পীর কখনো মৃত্যু হয় না, কারণ তারা বাঁচেন তাদের কর্মে। প্রিয় শিল্পী খালিদ ভাইয়ার ‘সরলতার প্রতিমা’ জীবনভর শুনে এসেছি, আজ খুব শ্রদ্ধাভরে স্মরণ করে গানটা শেয়ার করলাম সবার জন্য।
প্রিয় শিল্পী যেখানে আছেন, অবশ্যই খুব ভালো আছেন। গানটা কেমন লাগলো জানাবেন।’
খালিদের এই গানটি টিনার কণ্ঠে প্রকাশের পর থেকে শ্রোতা-দর্শকরা ভালোই মুগ্ধতা প্রকাশ করছেন ইউটিউব ও ফেসবুকে মন্তব্যের ঘরে।
প্রসঙ্গত, টিনা রাসেল এই প্রজন্মের অন্যতম সমৃদ্ধ কণ্ঠশিল্পী।
গান নিয়ে উচ্চতর পড়াশোনা শেষে নিয়মিত গাইছেন সিনেমা, নাটক ও মঞ্চে। মৌলিক আধুনিক গানের পাশাপাশি নিয়মিত কণ্ঠে তুলছেন পুরনো দিনের গানও। নিজস্ব বাচনভঙ্গি ও সাবলীল উপস্থাপনার কারণে টেলিভিশন দর্শকদের মনেও জায়গা করে নিয়েছেন এই শিল্পী। পাশাপাশি একজন সফল উদ্যোক্তাও তিনি।
অন্যদিকে ১৯৮১ সালে খালিদের গানের জগতে যাত্রা।
১৯৮৩ সালে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন। ব্যান্ডের ‘নাতিখাতি বেলা গেল’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। এই গানের মাধ্যমেই খালিদ হয়ে ওঠেন তরুণদের ক্রেজ। এরপর অসাধারণ সব কালজয়ী গান উপহার দেন তিনি।











































