ঢাকাই সিনেমা নিয়ে একসময় নাটকের অভিনয়শিল্পীদের মধ্যে বেশ অনীহা দেখা যেত। বিশেষ করে বাণিজ্যিক সিনেমার কথা শুনলে ছোটপর্দার কুশিলবরা নাট সিটকাতেন। কিন্তু এখন সময় পাল্টেছে।
সামগ্রিকভাবে ব্যবসায়িক সাফল্য না পেলেও, গল্প ও নির্মাণশৈলী দিয়ে আলোচনায় আসছে এ সময়ের বেশ কিছু সিনেমা। নির্মাণে এসেছে নতুনত্ব, গল্পে এসেছে পরিবর্তন। যা দর্শকদের মধ্যে একটি ইতিবাচক সাড়া ফেলেছে। বাংলা সিনেমার গ্রহণযোগ্যতা বাড়িয়েছে বিশ্বদরবারে। এর ফলে বাণিজ্যিক সিনেমায় এখন নাটকের শিল্পীদের আগ্রহ বেড়েছে। বাণিজ্যিক সিনেমায় তাদের ঝুঁকতে দেখা যাচ্ছে। এটাকে অনেকেই ইতিবাচকভাবেই দেখছেন।
ইতোমধ্যেই সিনেমায় নাম লিখিয়েছেন নাটকের নতুন-পুরাতন অনেক অভিনয়শিল্পী। শুধু শিল্পীই নন, ছোটপর্দার পরিচালকরাও এখন বাণিজ্যিক সিনেমা নির্মাণে আগ্রহ দেখাচ্ছেন। যারা নাটক ও বিজ্ঞাপন নির্মাণ করেই হাত পাকিয়েছেন। এখন তারা বড় পর্দায় নিজেদের প্রতিভার চর্চা করছেন। এদিকে গত ঈদ-উল-ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছয়টি সিনেমা। যার মধ্যে একাধিক সিনেমা ছিল নাটকের শিল্পীদের।
আসন্ন ঈদেও এ ধারা অব্যাহত থাকছে। এরইমধ্যে যেকটি সিনেমা ঈদ-উল-আযহায় মুক্তির ঘোষণা দিয়েছে, সেগুলোর মধ্যে নাটকের শিল্পীদের উপস্থিতি রয়েছে। শুধু তাই নয়, প্রধান চরিত্রেই থাকছেন সেসব শিল্পীরা। বর্তমানে নাটকের শিল্পীদের মধ্যে মোশাররফ করিম, আব্দুন নূর সজল, আফরান নিশো, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, তাসনিয়া ফারিণ, মেহজাবীন চৌধুরী, রাফিয়াত রশীদ মিথিলা, সাদিয়া আয়মানসহ আরও অনেকে সিনেমা নিয়ে ব্যস্ত আছেন।
মোশাররফ করিম গত কয়েক বছরে একাধিক সিনেমায় অভিনয় করেছেন। গত ঈদ-উল-ফিতরে মুক্তি পায় তার অভিনীত ‘চক্কর ৩০২’ নামে একটি সিনেমা। আসন্ন ঈদ-উল-আযহায়ও মুক্তি পেতে যাচ্ছে ‘ইনসাফ’ নামে এ অভিনেতার আরও একটি সিনেমা। এছাড়াও ‘কুরকাব’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে ‘বিলডাকিনি’ নামে একটি সিনেমা।
গত বছর ‘ফাতিমা’ নামে একটি সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হয় নাটকের অভিনেত্রী তাসনিয়া ফারিণের। এরইমধ্যে শেষ করেছেন ‘ইনসাফ’ নামে একটি বাণিজ্যিক সিনেমার কাজ। আসন্ন ঈদ-উল-আযহায় এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ সিনেমার মধ্য দিয়েই ঈদের নায়িকা ও ফর্মুলা সিনেমার নায়িকা হিসাবে প্রথমবার পর্দায় হাজির হবেন এ অভিনেত্রী।
বর্তমানে নাটকে একেবারেই অনিয়মিত আজমেরী হক বাঁধন। যুক্ত হচ্ছেন না নতুন কোনো সিনেমায়ও। বলা যায়, অভিনয় থেকেই খানিকটা দূরে রয়েছেন। তবে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘মাস্টার’ ও ‘এশা মার্ডার : কর্মফল’ নামে দুটি সিনেমা। জানা গেছে, ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটি ঈদ-উল-আযহায় মুক্তি পেতে পারে।
নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের সিনেমায় অভিষেক হতে যাচ্ছে কুরবানি ঈদে। শাকিব খানের বিপরীতে ‘তান্ডব’ নামে একটি বাণিজ্যিক সিনেমা দেখা যাবে তাকে। যদিও তার অভিনয় প্রসঙ্গে পরিচালক ও প্রযোজনা সংস্থা থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, এ বিষয়ে অভিনেত্রীও মুখ খুলতে নারাজ। তবে সম্প্রতি এ সিনেমার শুটিং এর ভিডিও ও স্থিরচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরে। যেখান দেখা যায় শাকিব খানের সঙ্গে সাবিলাকে।
নাটকের অভিনেতা আব্দুন নূর সজলও এখন সিনেমা এবং ওটিটির কাজ নিয়ে ব্যস্ত। গত ঈদ-উল-ফিতরে মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা ‘জ্বীন-৩’। এছাড়াও গত বছর শেষ করেছেন ‘ঋতুকামিনী’ নামে আরও একটি সিনেমার কাজ। চলতি বছর এটি মুক্তি পেতে পারে।
নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর সিনেমায় অভিষেক ঘটে বছর দুই আগেই। প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ মুক্তির পর নাটককে বিদায় জানিয়েছেন তিনি। এখন পুরোদস্তুর একজন সিনেমার নায়ক। বলা যায়, সিনেমার বাইরে কোনো কিছুই এখন তিনি চিন্তা করছেন না। এছাড়া নাটককে বিদায় জানালেও, ওটিটি কনটেন্টে কাজ করছেন তিনি। সম্প্রতি শেষ করলেন নতুন একটি সিরিজের কাজ। এদিকে গত ঈদ-উল-ফিতরে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘দাগি’ নামের একটি মসলাদার সিনেমা।
চলতি বছরের ভালোবাসা দিবসেই মুক্তি পেয়েছে রাফিয়াত রশীদ মিথিলা অভিনীত সিনেমা ‘জলে জ্বলে তারা’। এছাড়াও গত বছরে মুক্তি পেয়েছিল এ অভিনেত্রীর ‘কাজলরেখা’ নামে আরও একটি সিনেমা। ঢাকা ও কলকাতা দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করেন তিনি। বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও তার একাধিক জনপ্রিয় কাজ রয়েছে। এ অভিনেত্রীও নাটক ও ওটিটি কনটেন্টের পাশাপাশি সিনেমায় মনোযোগ বাড়িয়েছেন।
নাটকের বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানও এখন মনোযোগ দিয়েছেন সিনেমায়। তার ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘কাজলরেখা’ গত বছর মুক্তি পায়। সম্প্রতি জানিয়েছেন, নতুন আরও একটি বাণিজ্যিক সিনেমায় যুক্ত হয়েছেন। সবকিছু ঠিক থাকলে এটি ঈদ-উল-আযহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে এ সিনেমা প্রসঙ্গে আর কোনো আপডেট পাওয়া যায়নি এখনো।
এছাড়াও নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও এখন সিনেমা নিয়ে ব্যস্ত। তবে তাকে মসলাদার বাণিজ্যিক সিনেমায় এখনও দেখা যায়নি। অন্যদিকে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও বাণিজ্যিক সিনেমায় অভিনয় করেছেন।
সর্বশেষ তার অভিনীত কলকাতার সিনেমা ‘চালচিত্র’ মুক্তি পেয়েছে চলতি বছরের শুরুর দিকে। নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করা জয়া আহসান তো এখন সিনেমারই অভিনেত্রী। এছাড়াও সিনেমায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন তানজিন তিশা, কেয়া পায়েল, সাফা কবির, তৌসিফ মাহবুব, তানজিম সাইয়ারা তটিনীসহ নাটকের অনেক অভিনয়শিল্পী। সময় ও সুযোগের অপেক্ষায় রয়েছেন তারা। সিনেমা নিয়ে তাদের আগ্রহও তুঙ্গে। আশা করা যায়, বড় পর্দায় নিজেদের আসন পাকাপোক্ত করতে এসব তারকা শিগগিরই পা রাখবেন রুপালী দুনিয়ায়।











































