লুইস এনরিকে
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে আর্সেনালকে ৩-১ গোলে (অ্যাগ্রিগেট) হারিয়ে ফাইনালে উঠেছে পিএসজি। এই কৃতিত্বের পর লিগ ওয়ানকে অবমূল্যায়নকারীদের উদ্দেশে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন পিএসজি কোচ লুইস এনরিকে। তিনি বলেন, “হ্যাঁ, আমরাই সেই ‘কৃষকদের লিগ’—যারা এবার ফাইনালে খেলবে।”
সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠে ১-০ গোলে জয়ের পর ফিরতি লেগে নিজেদের ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে ২-১ ব্যবধানে জয় পায় পিএসজি।
ম্যাচে পিএসজির হয়ে গোল করেন ফাবিয়ান রুইজ ও আশরাফ হাকিমি। আর্সেনালের হয়ে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন বুকায়ো সাকা।
এই জয়ে অ্যাগ্রিগেট স্কোর দাঁড়ায় ৩-১। এর মধ্য দিয়ে ম্যানচেস্টার সিটি, লিভারপুল, অ্যাস্টন ভিলা ও আর্সেনাল—চারটি ইংলিশ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠল পিএসজি।
ম্যাচের পর টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এনরিকে বলেছেন, ‘কৃষক লিগ, তাই না? আমরা তো কৃষক লিগ!’
‘কিন্তু দারুণ লাগছে সবাই আমাদের খেলার ধরন, মানসিকতা আর পেশাদারত্বের প্রশংসা করছে। আর্সেনাল ভালো খেলেছে, আমরাও কষ্ট পেয়েছি, কিন্তু দুই লেগে আমরাই বেশি গোল করেছি, এটাই আসল।’
গত জানুয়ারিতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে থাকা ম্যাচে ৪-২ ব্যবধানে জয়কেই মৌসুমের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন এনরিকে।
তিনি বলেন, ‘চ্যাম্পিয়নস লিগ জিততে চাইলে ভালো গোলরক্ষক আর রক্ষণভাগ দরকার।
দোন্নারুম্মা আজও দুর্দান্ত খেলেছে, যেমন করেছে লিভারপুলের বিপক্ষেও।’
এখন পিএসজির সামনে ট্রেবল জয়ের সুযোগ। লিগ ওয়ান ইতিমধ্যে জিতে নিয়েছে। আগামী ২৪ মে রেইমসের বিপক্ষে ফরাসি কাপ ফাইনাল, এরপর ৩১ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হবে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের। ফাইনাল নিয়ে এনরিকে বলেন, ‘ইন্টার আমাদের চেয়ে অভিজ্ঞ, তাদের দ্বিতীয় ফাইনাল তিন বছরের মধ্যে।তবে আমরাও ট্রফি জিততে চাই। এখন সময় উদযাপনের, পরে পরিকল্পনা করব।’









































