ভারতীয় পুরোহিতের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ মালয়েশিয়ার মিস গ্র্যান্ড খেতাবজয়ীর

ভারতীয় পুরোহিতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন মিস গ্র্যান্ড মালয়েশিয়া ২০২১ খেতাবজয়ী অভিনেত্রী লিশাল্লিনি কানারান। মালয়েশিয়ার একটি মন্দিরে আশীর্বাদ দেওয়ার নাম করে তাকে হেনস্তা করা হয়েছে। সেদেশের পুলিশ অভিযুক্ত পুরোহিতের খোঁজে তল্লাশি শুরু করেছে ।

এর আগে গত ২১ জুন সেপাং জেলার মারিয়াম্মান মন্দিরে একা গিয়েছিলেন লিশাল্লিনি কানারান। সেই সময় এক পুরোহিতের সাহায্যে তিনি সাধারণত পূজার নিয়মকানুন শিখতেন। সেদিনও সেই পুরোহিত তাকে বলেন, তার জন্য পবিত্র জল ও সুরক্ষা সূত্র এনেছেন আশীর্বাদ হিসেবে। পরে লিশাল্লিনিকে নিজের ঘরে ডেকে নিয়ে যান ওই ব্যক্তি।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে লিশাল্লিনি কানারান লিখেছেন, কিছুটা অস্বস্তি সত্ত্বেও তিনি পুরোহিতের ঘরে যান। সেখানে পুরোহিত তার গায়ে ও মুখে বারবার জল ছিটিয়ে দিতে থাকেন, এমনকি চোখ খোলার অবস্থাও ছিল না তার। এমন পরিস্থিতিতেও পড়েন। তিনি বলেন, এরপর ওই ব্যক্তি তাকে পোশাক তুলতে বলেন।

অভিনেত্রী বলেন, তিনি সেটা না মানায় পুরোহিত তাকে কটাক্ষ করেন এবং হঠাৎই তার জামার ভেতরে হাত ঢোকার চেষ্টা করেন।

এ মিস গ্র্যান্ড বলেন, আমার মাথায় হাত রেখে প্রার্থনা করার মতো কিছু একটা বলছিলেন। এরপর হঠাৎই আমার পোশাকের ভেতরে হাত ঢুকিয়ে দেন তিনি। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম।

এ ঘটনার পর নিজেকে ঘরবন্দি করে ফেলেন লিশাল্লিনি। পরে তার মা ভারত থেকে ফিরে এলে তিনি ঘটনাটি জানান। পরিবারের সঙ্গে কথা বলে গত ৪ জুলাই পুলিশের কাছে অভিযোগ করেন। সেই অভিযুক্ত পুরোহিত ভারতীয় নাগরিক এবং মন্দিরের মূল পুরোহিত বিদেশে থাকায় সাময়িকভাবে তিনি দায়িত্ব পালন করছিলেন।

এ বিষয়ে সেপাং জেলার পুলিশপ্রধান এসিপি নরহিজাম বাহামান মালয় মেল-কে বলেন, অভিযুক্ত ভারতীয় নাগরিক। প্রাথমিকভাবে অভিযোগ, তিনি মুখ ও গায়ে পবিত্র জল ছিটানোর নামে ভুক্তভোগীকে স্পর্শ করেন। 

এদিকে লিশাল্লিনির অভিযোগ— যেখানে নিজেকে সব থেকে নিরাপদ ভাবতাম, সেখানেই এমন ঘটনা ঘটবে ভাবতেই পারিনি। এই বিশ্বাসঘাতকতা সবচেয়ে বড় আঘাত।

LEAVE A REPLY