জোকোভিচকে গুঁড়িয়ে ফাইনালে আলকারাজ, প্রতিপক্ষ সিনার

সংগৃহীত ছবি

তারুণ্যের কাছে আবারও হার মানলেন নোভাক জোকোভিচ। ৩৮ বছর বয়সী সার্বিয়ান তারকা ইউএস ওপেনের সেমিফাইনালে সরাসরি সেটে উড়ে গেলেন কার্লোস আলকারাজের কাছে।

আরথার অ্যাশ স্টেডিয়ামে গতকাল পুরুষ এককের প্রথম সেমিফাইনালে জোকোভিচকে ২ ঘণ্টা ২৩ মিনিটের লড়াইয়ে ৬-৪, ৭-৬ (৭-৪), ৬-২ গেমে হারান আলকারাজ। এই হারে জোকোভিচের ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো।

২০২৩ সালের পর থেকে আর কোনো গ্র্যান্ড স্লাম জেতা হয়নি তার।

প্রথম দুই সেটে কিছুটা লড়াই করলেও শেষ পর্যন্ত শারীরিক ক্লান্তির কাছে হার মানেন ২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচ। তৃতীয় সেটের শুরুতে টানা দুটি ডাবল ফল্ট করে বড় ধরনের পিছিয়ে পড়েন সার্বিয়ান তারকা। সুযোগটি কাজে লাগিয়ে এগিয়ে যান ২২ বছর বয়সী আলকারাজ, আর সেখান থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে আসে তার হাতে।

ম্যাচ শেষে নেটের পাশে আলকারাজকে অভিনন্দন জানান জোকোভিচ। হাত নাড়িয়ে দর্শকদের উদ্দেশে বিদায় নেন স্টেডিয়াম থেকে।

ফাইনাল নিশ্চিত করে আলকারাজ বলেন, ‘আবারও ফাইনালে উঠতে পারার দারুণ বিষয়। এটা আমার জন্য অনেক বড় কিছু।হয়তো আজকের ম্যাচটা আমার সেরা খেলা ছিল না, তবে চেষ্টা করেছি শেষ পর্যন্ত ঠান্ডা মাথায় খেলতে।’

ফাইনালে ইতালির ইয়ানিক সিনারকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আলকারাজ। দ্বিতীয় সেমিফাইনালে সিনার কানাডার ফেলিক্স অগের-আলিয়াসিমকে হারান ৬–১, ৩–৬, ৬–৩, ৬–৪ গেমে।

এদিকে হারের পরও হাল ছাড়ছেন না জোকোভিচ। তিনি বলেন, ‘আমি এখনো গ্র্যান্ড স্ল্যামে খেলতে চাই, আগামী বছরও খেলব—এটাই পরিকল্পনা।

তবে এটা সম্ভব হবে কি না, সময়ই বলে দেবে। গ্র্যান্ড স্লাম অন্যরকম, এগুলো আমাদের খেলাধুলার মূল স্তম্ভ।’

তার স্বীকারোক্তি, বয়সের কারণে সীমাবদ্ধতা বাড়ছে। জোকোভিচ বলেন, ‘সিনার আর আলকারাজকে পাঁচ সেটে হারানো আমার জন্য খুব কঠিন হবে। তিন সেটের ম্যাচে আমার সুযোগ বেশি, কিন্তু পাঁচ সেটে বিষয়টা কঠিন। তবে আমি হাল ছাড়ছি না। গ্র্যান্ড স্লামের জন্য লড়াই চালিয়ে যাব, অন্তত আরেকটি জন্য।’ 

LEAVE A REPLY