২০১০ সালে মুক্তি পায় অ্যাকশনধর্মী সিনেমা ‘দাবাং’। ছবিটি পরিচালনা করেছিলেন অভিনব কাশ্যপ এবং প্রযোজনা করেন আরবাজ খান। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আরবাজ খানের বড়ভাই সালমান খান। সেই সিনেমায় গানে ছিলেন মালাইকা অরোরা।
সেই আইটেম গান ‘মুন্নি বদনাম হুই’ আজও জনপ্রিয়তার শীর্ষে। তবে গানটি ঘিরে একসময় খান পরিবারের ভেতরে বেশ টানাপোড়েন তৈরি হয়েছিল। সেই অজানা গল্পই এবার জানালেন পরিচালক অভিনব কাশ্যপ।
এ পরিচালক বলেন, প্রথমে আরবাজ খান চাননি তার স্ত্রী মালাইকা এই গানে আইটেম গার্লের চরিত্রে আসুক। আরবাজের আপত্তি ছিল—তার স্ত্রীকে সবাই আইটেম গার্ল বলবে, সেটি তিনি পছন্দ করছেন না।
তিনি বলেন, খান পরিবার অনেকটা রক্ষণশীল মানসিকতার। সে কারণে মালাইকার পোশাক নিয়ে সালমানের সঙ্গেও মতবিরোধ ছিল। তারা চাননি তাদের ঘরের মেয়েরা এতটা খোলামেলা হোক। কিন্তু মালাইকা নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন।
অভিনব বলেন, মালাইকা ছিলেন স্বাবলম্বী ও দৃঢ়চেতা অভিনেত্রী। প্রস্তাব পাওয়ার পরই তিনি রাজি হয়ে যান। আরবাজকে বোঝাতে কিছুটা সময় লেগেছিল। তিনি স্বামীকে বলেছিলেন—এতে অশ্লীল কিছু নেই, শুধু নাচ। চারপাশে পরিবার-পরিজন— ভয় কিসের? শেষ পর্যন্ত আরবাজ রাজি হন। পরে সেই গানটি রেকর্ড ভেঙেছিল বলে জানান পরিচালক।
অভিনব বলেন, মালাইকার নাচের দক্ষতার কারণেই তাকে বেছে নেওয়া হয়েছিল। ‘ছাইয়া ছাইয়া’র মতো গানে তিনি দারুণ সাড়া ফেলেছিলেন। সিনেমায় তিনি তেমন অভিনয় করতেন না, কিন্তু দুর্দান্ত নাচতেন। পর্দায় কম দেখা যায়, এমন কাউকে দর্শকরা বেশি কৌতূহল নিয়ে দেখেন। তাই মালাইকাই ছিলেন সেরা পছন্দ।
পরিচালক বলেন, এ গানটির শুরুতে সালমান খানের থাকার কথা ছিল না। পরিকল্পনা ছিল— আইটেম গান শেষে তার প্রবেশ ঘটবে। কিন্তু গান শুনে সালমান নিজেই নাচে অংশ নিতে আগ্রহী হন।
তিনি বলেন, আমি চেয়েছিলাম ‘শোলে’র ‘মেহবুবা’র মতো দৃশ্য। ভিলেন আনন্দ করছে, পুলিশ ফাঁদ পাতছে। কিন্তু সালমান বললেন—এটাই সেরা গান, তাকে থাকতে হবে। তাই তার প্রবেশটা এগিয়ে আনতে হলো। আর সে কারণে ক্ষতিগ্রস্ত হন খলনায়ক চরিত্রে অভিনয় করা সোনু সুদ।
অভিনব বলেন, আগে তিনি মালাইকার সঙ্গে পুরো গানটিতে থাকবেন বলে পরিকল্পনা ছিল। পরে সেটি চলে যায় সালমানের হাতে। সোনু এক সাক্ষাৎকারে বলেছিলেন— আমি তো বলেছিলাম, এ গান আমার, তিনি মাঝখানে এলেন কীভাবে? তবে শেষমেশ যা হয়েছে, ভালোই হয়েছে। মানুষ এখনো গানটা মনে রেখেছে বলে জানান পরিচালক।
এদিকে দাবাং ৪২০ মিলিয়ন বাজেটের সিনেমাটি ২.১৫ বিলিয়ন রুপি আয় করে। এ সিনেমায় সালমান খান, মালাইকা অরোরা, সোনু সুদ ছাড়াও আরও অভিনয় করেন সোনাক্ষী সিনহা, আরবাজ খান, ওম পুরী, ডিম্পল কাপাডিয়া, বিনোদ খান্না, অনুপম খের, মহেশ মাঞ্জরেকার, মাহি গিল প্রমুখ।
উল্লেখ্য, আরবাজ খান ও মালাইকা অরোরা ২০১৬ সালে আলাদা হয়ে যান। তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয় ২০১৭ সালে। বর্তমানে ছেলে আরহানকে দুজনই একসঙ্গে লালন-পালন করছেন।










































