গেল মৌসুমে পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএলের প্রথম শিরোপা জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ছবি : এএফপি
ইন্ডিয়া প্রিমিয়ার লিগ (আইপিএল) চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বিক্রি করার কথা ভাবছে এর মালিক সংস্থা ডিয়াজিও। সংস্থার আশা, আগামী ৩১ মার্চের মধ্যে নতুন মালিকের হাতে দলটি হস্তান্তর করা সম্ভব হবে।
ডিয়াজিও বুধবার মুম্বাই স্টক এক্সচেঞ্জকে দল বিক্রির সিদ্ধান্তের কথা জানিয়েছে। ব্রিটিশ সংস্থাটি একে ‘বিনিয়োগের কৌশলগত পর্যালোচনা’ বলে অভিহিত করেছে।
উল্লেখ্য, ভারতের ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের মালিকানাধীন সংস্থা ডিয়াজিও।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের আয়োজিত আইপিএল এবং ডব্লিউপিএলে অংশগ্রহণ করে সংস্থার দুটি দল। ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে নতুন মালিকদের হাতে দলের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা যাবে বলেও আশাবাদী সংস্থাটি।
ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের সিইও প্রবীণ সোমেশ্বর বলেছেন, ‘আরসিএসপিএল ইউএসলের একটি মূল্যবান এবং কৌশলগত সম্পদ।তবে এটি আমাদের অ্যালকোবেভ ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ নয়। এই পদক্ষেপটি ইউএসএল এবং ডিয়াজিওর ভারতের এন্টারপ্রাইজ পোর্টফোলিও পর্যালোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিকে আরো জোরদার করে যাতে আরসিএসপিএল-এর সর্বোত্তম স্বার্থকে মাথায় রেখে তার সমস্ত স্টেকহোল্ডারদের দীর্ঘমেয়াদী মূল্যের স্থিতিশীল সরবরাহ সম্ভব হয়।’
ব্লুমবার্গ নিউজের তথ্য অনুযায়ী, মালিকরা দলের অংশ বা পুরো দল বিক্রির সম্ভাবনা যাচাই করছেন, এবং এর মূল্য হতে পারে প্রায় ২ বিলিয়ন ডলার।
বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল, আরসিবি বিক্রি করে দিতে চায় ডিয়াজিও।ক্রিকেটের সঙ্গে আর সরাসরি যুক্ত থাকতে চায় না তারা। ২০২৫ সালেই প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে দলটি। ২০২৪ সালে ডব্লিউপিএলের দ্বিতীয় মৌসুমে চ্যাম্পিয়ন হয় নারী দল। দু’বছর পর পর সাফল্য আসার পরও ডিয়াজিওর দল বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত ক্রিকেটপ্রেমীদের কাছে বিস্ময়ের।









































