ভারতের ব্যাটিং নিয়ে কড়া সমালোচনা শাস্ত্রীর

সংগৃহীত ছবি

গুয়াহাটির ব্যাটিং স্বর্গে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা রান-উৎসব করলেও একই উইকেটে ভারত পেল ব্যাটিং দুঃস্বপ্ন। স্বাগতিকদের এমন বিপর্যস্ত পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। তার চোখে ভারতীয় ব্যাটসম্যানদের প্রদর্শনী ছিল ‘খুবই সাধারণ মানের’।

ব্যাটিং-সহায়ক এই উইকেটে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা তোলে ৪৮৯ রান।

৭ নম্বরে নেমে সেনুরান মুথুসামি খেলেন ১০৯ রানের দুর্দান্ত ইনিংস। নয়ে নেমে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও ৯৩ রানে থেমে যান মার্কো ইয়ানসেন।

তবে একই উইকেটে ভারতীয়রা যেন ভুলে গেলেন কিভাবে ব্যাট করতে হয়। একের পর এক অযথা শটে উইকেট বিলিয়ে তারা গুটিয়ে যায় মাত্র ২০১ রানে।

পুরো দল থেকে ফিফটি আসে শুধু ইয়াশাসভি জয়সওয়ালের (৫৮) ব্যাটে। দক্ষিণ আফ্রিকার হয়ে দারুণ ব্যাটিংয়ের পর বল হাতে ইয়ানসেন ছড়িয়ে দেন আতঙ্ক, একাই নেন ৪৮ রানে ৬ উইকেট।

২৮৮ রানের লিড থাকলেও ভারতকে ফলো-অন করায়নি দক্ষিণ আফ্রিকা। আবার ব্যাটিংয়ে নেমে আরো বড় লক্ষ্য দাঁড় করাতে এগিয়ে যাচ্ছে তারা।

শুরুটা খারাপ ছিল না ভারতের। উদ্বোধনী জুটিতে আসে ৬৫ রান। তারপরই ১২২ রানে ৭ উইকেট হারিয়ে বসে তারা। তখনই ভারতীয় ব্যাটসম্যানদের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক শন পোলক। তার পরেই ভারতীয় ব্যাটারদের একহাত নেন শাস্ত্রী।

শাস্ত্রী বলেন, ‘এটা এখনো ভালো উইকেট। ১৪২ (আসলে ১২২) রানে ৭ উইকেট পড়ে যাওয়ার মতো পিচ নয় এটা। খুবই সাধারণ মানের ব্যাটিং হয়েছে। ভারতকে মানতেই হবে, এটা খুবই সাধারণ মানের ব্যাটিং।’ 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত চতুর্থ দিনে ৩৬৫ রানের লিডে আছে সাউথ আফ্রিকা, হাতে আছে আর ৭ উইকেট। 

LEAVE A REPLY