নেইমার জুনিয়র। ছবি : রয়টার্স
ইন্টার মায়ামিতে গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই। মেসি, সুয়ারেজের সঙ্গে কি নেইমারের পুনর্মিলন ঘটছে? কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্নই ভেঙে দিল ক্লাব। ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ংকর আক্রমণ-ত্রয়ী ‘এমএসএন’-এর পুনরাবৃত্তি যে আর হচ্ছে না, তা নিশ্চিত করেছে ফ্লোরিডাভিত্তিক দলটি।
সাম্প্রতিক সময়ে দুই অভিজ্ঞ তারকা সার্জিও বুসকেত্স ও জর্দি আলবার অবসরের পর ইন্টার মায়ামির ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের নিয়ে নানা আলোচনা হচ্ছিল।
তখনই নেইমারের সঙ্গে সম্ভাব্য চুক্তির খবর বড় হয়ে ওঠে। কিন্তু জানুয়ারিতে ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে আনার পরিকল্পনা নেই, এমনটাই জানিয়েছে ক্লাবের ক্রীড়া বিভাগ।
ক্লাবের মতে, নেইমারকে আনলে মিডিয়া ও বাণিজ্যিক ক্ষেত্রে বিশাল প্রভাব পড়ত, কিন্তু ফুটবল দিক থেকে তারা প্রয়োজনীয় কিছু ভিন্ন পজিশনেই বেশি জোর দিচ্ছেন। ২০২৬ মৌসুমকে সামনে রেখে তারা রক্ষণভাগ শক্তিশালী করা ও একজন নির্ভরযোগ্য স্ট্রাইকার, একজন প্রকৃত ‘নম্বর ৯’—এর দিকেই অগ্রাধিকার দিচ্ছে।
এর ফলে হাভিয়ের মাসচেরানোও কোচ হিসেবে তার সাবেক বার্সা সতীর্থ নেইমারকে সঙ্গে নিয়ে কাজ করার সুযোগ হারালেন।
ইন্টার মায়ামির এই সিদ্ধান্ত নেইমারকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। ডিসেম্বরের শেষে সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নানা চোট-সমস্যা সত্ত্বেও নেইমার এখনো পরবর্তী বিশ্বকাপকে কেন্দ্র করে নিজেকে ফিরিয়ে আনার লক্ষ্যেই কাজ করছেন।
কার্লো আনচেলোত্তির দলে জায়গা পাওয়াই তার স্বপ্ন, কারণ এটিই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ।
যদি ব্রাজিলের লিগে সান্তোস নিজেদের অবস্থান ধরে রাখতে পারে, তাহলে নেইমারের দলটির সঙ্গে চুক্তি আরো দীর্ঘায়িত করার সম্ভাবনাই বেশি। ছয় মাসের মেয়াদে শুরু হওয়া তার দ্বিতীয় অধ্যায় বাড়তে বাড়তে দেড় বছর পর্যন্ত গড়াতে পারে বলেই ধারণা।
বিশ্বকাপ শেষে অবশ্য নেইমার আবারও এমএলএসের দিকে নজর দিতে পারেন। যুক্তরাষ্ট্রে খেলার আগ্রহ তিনি আগেই বহুবার প্রকাশ করেছেন।
পেলের মতো নিউইয়র্কে ক্যারিয়ার শেষ করার স্বপ্নও তার মনে দোলা দিচ্ছে দীর্ঘদিন ধরেই।










































