ছবি : রয়টার্স
রিয়াল মাদ্রিদের মাঠে দারুণ এক জয় পেলেও চ্যাম্পিয়নস লিগ জিততে হলে দলকে আরও উন্নতি করতে হবে বলে সতর্কবার্তা দিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে পিছিয়ে পড়ে ২-১ ব্যবধানে জিতে আসে ইংলিশ চ্যাম্পিয়নরা।
২০২০ সালের পর রিয়ালের মাঠে এটি সিটির প্রথম জয়। এমন গুরুত্বপূর্ণ জয়েও দল নিয়ে পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না গার্দিওলা।
ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা এখনো প্রস্তুত নই। ফেব্রুয়ারিতে আরও ভালো হবো। এর আগেও এখানে এসে অনেক ভালো খেলেছি, তবুও হেরেছি। খেলোয়াড়রা প্রচুর পরিশ্রম করেছে, কিন্তু আমাদের আরও উন্নতি করতে হবে।
’
নিখুঁত সুযোগে নিকো ও’রাইলির গোল এবং আরলিং হালান্ডের পেনাল্টিতে জয় পায় সিটি। এই জয়ে তারা চ্যাম্পিয়নস লিগের টেবিলে উঠে গেছে চারে। সরাসরি নকআউটে যেতে থাকতে হবে শীর্ষ আটে। সামনে লিগ পর্বে সিটির বাকি দুই প্রতিপক্ষ বোডো/গ্লিম্ট ও গালাতাসারাই।
গার্দিওলা বলেন, ‘এখানে জেতা খুব কঠিন। চার-পাঁচজন খেলোয়াড় প্রথমবারের মতো এই মাঠে খেলেছে। পয়েন্টের দিক থেকে আমাদের সন্তুষ্ট থাকা উচিত।’
তিনি আরো বলেন, ‘১৩ পয়েন্ট হয়েছে, শীর্ষ আটে শেষ করাটা এখন আমাদের হাতেই। লেভারকুসেনের পর এখানে জয় পাওয়া দলকে আত্মবিশ্বাস দেবে।
’









































