আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে ভারত থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে চলতি সপ্তাহের সোমবার বা মঙ্গলবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বিসিবির আবেদনে বলা হয়েছে, ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজন করা হলে নিরাপত্তা ঝুঁকি কমবে।
সম্প্রতি বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ভারতীয় বোর্ডের (বিসিসিআই) পরামর্শে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেওয়ার পর থেকে এই উদ্বেগের শুরু।
তবে আইসিসি বিসিবির এই আবেদন পুরোপুরি গ্রহণ নাও করতে পারে। সূত্রের বরাতে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিকল্প হিসেবে ভারতের চেন্নাই ও তিরুঅনন্তপুরমকে ভেন্যু হিসেবে প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপপর্বের ম্যাচ হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।
এর আগে, চেন্নাইকে সম্ভাব্য ভেন্যু হিসেবে নেওয়ার প্রস্তাবও নাকচ করেছিল বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
সিলেটে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিশ্বকাপ নিয়ে আমরা এককভাবে সিদ্ধান্ত নিচ্ছি না। সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী অবস্থান জানানো হবে।
’
উল্লেখ্য, বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত গতকাল ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করেছেন। আইসিসি এই উদাহরণ তুলে ধরে বিসিবির নিরাপত্তা সংক্রান্ত যুক্তির জবাব দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বকাপ শুরু হতে আর চার সপ্তাহেরও কম সময় বাকি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই দলগুলোর অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার কথা। ফলে দ্রুত ভেন্যু বিতর্কের সমাধান চায় আইসিসি।
এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ভারতের মাটিতেই কি বাংলাদেশের ম্যাচ অনুষ্ঠিত হবে, নাকি বিসিবির দাবির পরিপ্রেক্ষিতে ভেন্যুতে পরিবর্তন আসবে।











































