যে ২ মানুষের চোখে চোখ রাখতে পারেন না রণবীর

জীবনে মাত্র দুজন মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলতে অস্বস্তি বোধ করেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। তাদের একজন তার প্রয়াত বাবা ঋষি কাপুর, অন্যজন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন।সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে এসে এ কথা জানিয়েছেন অভিনেতা।

নিতেশ তিওয়ারির আসন্ন সিনেমা ‘রামায়ণ’-এর প্রচারে অমিতাভ বচ্চনের সঞ্চালনায় অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রণবীর। সঙ্গে ছিলেন অভিনেত্রী সাই পল্লবী ও রবি দুবে। সেখানেই অমিতাভের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে নিজের জীবনের এই বিশেষ অভিজ্ঞতার কথা জানান তিনি।

রণবীর বলেন, ‘আমার জীবনে মাত্র দুজন মানুষ এসেছেন, যাদের সঙ্গে কথা বলার সময় আমি চোখে চোখ রেখে কথা বলতে পারি না। একজন আমার বাবা, আর অন্যজন আপনি।’

শৈশবের একটি স্মৃতিও ভাগ করে নেন অভিনেতা। ১৯৯১ সালে মুক্তি পাওয়া ‘আজুবা’ সিনেমার শুটিং দেখতে বাবার সঙ্গে সেটে গিয়েছিলেন তিনি।ওই সিনেমায় ঋষি কাপুরের পাশাপাশি অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। ছোটবেলা থেকেই অমিতাভকে পর্দায় দেখে বড় হয়েছেন রণবীর। অভিনেতার ব্যক্তিত্ব ও উপস্থিতি তার মনে গভীর ছাপ ফেলেছিল।

অমিতাভের ব্যক্তিত্বের প্রশংসা করে রণবীর বলেন, ‘আমি একজন লম্বা মানুষকে দেখেছিলাম। আজকের জেন-জি যাকে ‘অরা ফার্মিং’ বলে, সেটি তার মাধ্যমেই শুরু হয়েছিল।’ কোনো ঘরে অমিতাভ প্রবেশ করলেই তার উপস্থিতি আলাদা করে অনুভব করা যেত বলেও জানান রণবীর।

অনুষ্ঠানে স্ত্রী আলিয়া ভাটকে নিয়েও কথা বলেন অভিনেতা। অমিতাভ জানান, আলিয়া তার পছন্দের শিল্পীদের একজন। রণবীরের কাছে জানতে চান, স্ত্রীর কোন বিষয়টি তার সবচেয়ে ভালো লাগে।

জবাবে রণবীর বলেন, তাদের সম্পর্কের ভিত্তি বন্ধুত্ব। তার মতে, ভালোবাসা সম্পর্কের সংযোগ তৈরি করে, বিশ্বাস সম্পর্ককে শক্তিশালী করে আর সম্মান সম্পর্ককে টিকিয়ে রাখে। এগুলোই একটি সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি।

আলিয়ার সঙ্গে উচ্চতার পার্থক্য নিয়েও মজার কথা বলেন রণবীর। তার কল্পনায় তিনি অমিতাভ বচ্চনের মতো লম্বা আর আলিয়া জয়া বচ্চনের মতো কিছুটা খাটো। ছবি তোলার সময় এই উচ্চতার পার্থক্য ভালো দেখাবে—এমনটাও ভাবতেন তিনি।

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। এতে সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ, হনুমানের চরিত্রে সানি দেওল এবং শূর্পণখার চরিত্রে রাকুল প্রীত সিংকে দেখা যাবে। আগামী ৫ নভেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

LEAVE A REPLY