বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল ঠাকুর!

সংগৃহীত ছবি

গত বছরের শুরু থেকেই অভিনেত্রী ম্রুণাল ঠাকুর ও দক্ষিণী তারকা ধানুশের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছিল। মাঝামাঝি সময়ে সেই গুঞ্জন আরও জোরালো হলেও গত আগস্টে ম্রুণাল স্পষ্ট করে জানিয়েছিলেন, ধানুশ তাঁর কাছে ‘শুধুই একজন ভালো বন্ধু’। 

তবে এবার শোনা যাচ্ছে, আগামী ১৪ ফেব্রুয়ারি বিয়ে করতে যাচ্ছেন এই দুই অভিনয়শিল্পী।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিয়েটি হবে একেবারেই ব্যক্তিগত পরিসরে।

পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই নাকি সম্পন্ন হতে পারে অনুষ্ঠান। যদিও এখন পর্যন্ত ম্রুণাল বা ধানুশ—কেউই কিংবা তাঁদের টিমের পক্ষ থেকে এই খবর নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখার চেষ্টা করেছেন এই দুই তারকা। তবু তাঁদের ঘিরে প্রেম ও বিয়ের গুঞ্জন বারবার শিরোনামে এসেছে।

বিশেষ করে গত আগস্টে ‘সন অব সরদার ২’-এর বিশেষ প্রদর্শনীতে ধানুশের উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দেয়। 

তখন একাধিক ভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছিল, ম্রুণালের জন্যই চেন্নাই থেকে মুম্বাই উড়ে এসেছিলেন ধানুশ। যদিও সে সময় ম্রুণাল স্পষ্ট করে জানান, তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন ছবির প্রযোজক অজয় দেবগন।

তবে ওই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর জল্পনা আরও বাড়ে।

ভিডিওতে ম্রুণাল ও ধানুশকে হাত ধরে থাকতে ও কানে কানে কথা বলতে দেখা যায়। এ ছাড়া ধানুশ অভিনীত ‘তেরে ইশ্ক মে’ ছবির র‍্যাপআপ পার্টিতে ম্রুণালের উপস্থিতি এবং ১ আগস্ট তাঁর জন্মদিনের পার্টিতে ধানুশের যোগ দেওয়াও অনুরাগীদের কৌতূহল বাড়িয়েছে।

এর পাশাপাশি ধানুশের দুই বোন—কার্তিকা কার্তিক ও বিমলা গীতাকে ইনস্টাগ্রামে ফলো করা এবং তাঁদের কাছ থেকে ফলো ব্যাক পাওয়াও আলোচনায় এসেছে। ইন্ডাস্ট্রির খুব কম মানুষই ধানুশের পরিবারের সদস্যদের সোশ্যাল মিডিয়ায় ফলো করেন—এই বিষয়টিও নজর এড়ায়নি অনুরাগীদের।

নিউজ ১৮–এর এক প্রতিবেদনে ঘনিষ্ঠ এক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, “তাঁরা ডেট করছেন—এটা সত্যি।

তবে সম্পর্কটি এখনও নতুন, তাই এখনই তা প্রকাশ্যে আনতে চান না।”

উল্লেখ্য, ধানুশ এর আগে সুপারস্টার রজনীকান্তের কন্যা ও নির্মাতা ঐশ্বরিয়া রজনীকান্তকে বিয়ে করেন। ২০২২ সালে তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত নেন এবং ২০২৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবনে তাঁদের দুই সন্তান রয়েছে।

সূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল

LEAVE A REPLY