সংগৃহীত ছবি
শাহরুখ খানের জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হয়েছিল ‘কিং’ টিম। প্রকাশ্যে এসেছে ছবির নতুন গান ‘তু মিল জায়ে’।মুক্তির পর থেকেই গানটি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা। এতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং, এড শিরান ও মধুবন্তী বাগচী। ‘স্যাফায়ার’-এর পর আবারও অরিজিতের সঙ্গে জুটি বেঁধেছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। তবে এবার গানটির সঙ্গে জড়িয়ে রয়েছে শাহরুখের বিশেষ অনুরোধ।সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ভিডিও প্রকাশ করে গান তৈরির নেপথ্যের গল্প জানিয়েছেন এড নিজেই।
ভিডিওতে রেকর্ডিং স্টুডিওতে ‘তু মিল জায়ে’র হিন্দি অংশ গাইতে দেখা যায় এড শিরানকে। পাশাপাশি রয়েছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের কিছু দৃশ্য। ভিডিওটি প্রকাশ করে শাহরুখের সঙ্গে তার পরিচয় ও বন্ধুত্বের গল্প তুলে ধরেছেন এই ব্রিটিশ গায়ক।
এড শিরান লিখেছেন, ‘শাহরুখ খানের সঙ্গে যখন প্রথম দেখা হয়েছিল, তখনই তিনি বলেছিলেন, তার পরের ছবির জন্য আমাকে একটি গান তৈরি করতে হবে। সেটিই হবে বলিউডে আমার প্রথম গান। বছরের পর বছর ধরে আমাদের মধ্যে পরিচয় আরও গভীর হয়েছে। আমি তাকে ভীষণ ভালবাসি।’

গত বছর ভারতে এসে শাহরুখের বাড়িতে গিয়েছিলেন এড।সেখানে বসে গান গাওয়ার একটি ভিডিওও ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে। এবার সেই স্মৃতি সামনে এনে গায়ক জানান, ওই সফরেই ‘তু মিল জায়ে’ তৈরির সূত্রপাত।
এ প্রসঙ্গে এড শিরান লেখেন, “গত বার ভারতে এসে শাহরুখের বাড়িতে গিয়েছিলাম। আমার ও অরিজিৎ সিংয়ের ‘স্যাফায়ার’ গানের ভিডিয়োয় একটি ছোট্ট কিন্তু বিশেষ দৃশ্যে অভিনয় করার জন্য ওকে রাজি করাতে চেয়েছিলাম। সেই দিনই সচিন-জিগরের সঙ্গে পরিচয় হয় আমার। সেই রাতেই ওদের ছবি ‘কিং’-এর ‘তু মিল জায়ে’ গানটির আমার অংশটি লিখি এবং রেকর্ড করি।”
অরিজিৎ সিংয়ের সঙ্গে এড শিরানের ‘স্যাফায়ার’ গানটি দারুণ সাড়া ফেলেছিল। এমনকি অরিজিতের আমন্ত্রণে জিয়াগঞ্জেও গিয়েছিলেন ব্রিটিশ এই সংগীতশিল্পী। নতুন গানেও অরিজিতের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত তিনি। এডের কথায়, ‘অরিজিৎ যে এই গানে আমার সঙ্গে কণ্ঠ মিলিয়েছে, তাতে আমি খুব খুশি। আমার সব প্রিয় মানুষ একসঙ্গে একটি কাজের অংশ হয়েছে।’
উল্লেখ্য, আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’। ছবিতে শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন রানি মুখার্জি, অভিষেক বচ্চন, সুহানা খান ও রাঘব জুয়ালসহ আরো অনেকে।










































