ভালোবাসার দিনে সজল-সারিকার ‘পাঁচফোড়ন’

সংগৃহীত ছবি

ভালোবাসা দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও নির্মিত হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। প্রায় দুই দশক ধরে বিশেষ দিনগুলোতে নিয়মিত প্রচারিত হয়ে আসা অনুষ্ঠানটি এবারও থাকছে দর্শকদের জন্য বিশেষ আয়োজনে।

এবারের ভালোবাসা দিবসের পর্বে গল্প আবর্তিত হয়েছে এক দম্পতিকে ঘিরে, যারা বাইরে না গিয়ে ঘরেই নিজেদের মতো করে দিনটি উদযাপন করেন। এই দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন আবদুন নূর সজল ও সারিকা সাবরিন।

তাদের কথোপকথন ও খুনসুটির মধ্য দিয়েই উঠে আসবে অনুষ্ঠানের গান, নাচ এবং সমসাময়িক নানা প্রতিবেদন।

অনুষ্ঠানে থাকছে দুটি বিশেষ গান। কবির বকুলের কথায় ও শওকত আলী ইমনের সুরে একটি একক গান গেয়েছেন আঁখি আলমগীর। পাশাপাশি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন কমল ও তানজিনা রুমা।মনিরুজ্জামান পলাশের লেখা গানে সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।

এ ছাড়া বরিশালের স্থানীয় নৃত্যশিল্পীদের পরিবেশনায় থাকছে জনপ্রিয় ফোক গানের সঙ্গে একটি নৃত্য পরিবেশনা।

অনুষ্ঠানের বিশেষ প্রতিবেদনে তুলে ধরা হবে যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের ‘রস কাকা’ নামে পরিচিত কাজী মাওলানা ফারুক হোসেনের গল্প— যিনি খেজুরের রসের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছেন।

অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ ১৪ ফেব্রুয়ারি শনিবার রাত ৮টা ৫ মিনিটে এটিএন বাংলাতে।

LEAVE A REPLY