পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি নিয়ে যা জানাচ্ছে ‘গ্রোক’

সংগৃহীত ছবি

পাকিস্তানের একটি আধুনিক এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছে তালেবানরা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর কৃত্রিম বুদ্ধিমত্তা ইঞ্জিন ‘গ্রোক’ জানিয়েছে, এ দাবি একটি ভুয়া ভিডিওর ওপর ভিত্তি করে করা হয়েছে এবং এর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। 

গ্রোক জানায়, সংশ্লিষ্ট ভিডিওতে যে ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে তা এফ-১৬ যুদ্ধবিমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ভিডিওতে ‘৮৫৫১০’ নম্বরযুক্ত এবং পাকিস্তানের চিহ্নসংবলিত একটি বড় আকারের বিমানের অংশ দেখা গেলেও আকার ও গঠনে এফ-১৬-এর সঙ্গে মিল নেই।

গ্রোকের মতে, এটি সম্ভবত পুরনো বা সম্পর্কহীন কোনো ফুটেজ, যা প্রচারণার উদ্দেশ্যে ভুলভাবে ব্যবহার করা হয়েছে। এ ছাড়া কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এ ধরনের ঘটনার খবর পাওয়া যায়নি।

‘আফগানিস্তান ডিফেন্স’ নামের একটি এক্স হ্যান্ডেল (আফগান সরকারের আনুষ্ঠানিক অ্যাকাউন্ট নয়) প্রথমে ভিডিওটি শেয়ার করে। সেখানে একটি জ্বলন্ত যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ দেখিয়ে সেটিকে পাকিস্তানের এফ-১৬ বলে দাবি করা হয়।

ভিডিওতে বিমানের উল্লম্ব লেজে ছোট পাকিস্তানি পতাকা এবং এক্সহস্টের কাছে ‘৮৫৫১০’ নম্বর দেখা যায়।

এফ-১৬ পাকিস্তান বিমানবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত সম্পদ। অতীতে আকাশযুদ্ধে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) পাকিস্তানের একাধিক এফ-১৬ ভূপাতিত করেছে বলে দাবি উঠেছিল, যদিও এ নিয়ে দুই দেশের বক্তব্যে ভিন্নতা রয়েছে। 

পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কয়েকটি শহরে বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা পর ভিডিওটি প্রকাশ পায়।

পাকিস্তান ‘খোলা যুদ্ধ’ ঘোষণা করে এ হামলা চালায় বলে জানা যায়। 

LEAVE A REPLY