দুবাইয়ে আটকে সোনাল, সরকারের কাছে অভিনেত্রীর আকুতি

সংগৃহীত ছবি

পশ্চিম এশিয়ায় চলমান সামরিক উত্তেজনার জেরে দুবাইয়ে ফ্লাইট চলাচল স্থগিত হওয়ায় বলিউড অভিনেত্রী সোনাল চৌহান বর্তমানে সেখানেই আটকে পড়েছেন। নিরাপদে ভারতে ফিরতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সহায়তা চেয়ে আবেদন জানিয়েছেন।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানে ক্ষেপণাস্ত্র হামলার পর পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। এর প্রভাবে উপসাগরীয় অঞ্চলের আকাশপথে বড় ধরনের বিঘ্ন দেখা দেয় এবং দুবাইসহ একাধিক শহরে ফ্লাইট বাতিল করা হয়।

এই অবস্থায় দুবাইয়ে অবস্থানরত সোনাল ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ট্যাগ করে জানান, চলমান সংকটের মধ্যে তিনি দেশে ফেরার কোনো পরিষ্কার পথ খুঁজে পাচ্ছেন না। নিরাপদ প্রত্যাবর্তনের জন্য তিনি সরকারের দিকনির্দেশনা ও সহায়তা কামনা করেন।

নিজের পোস্টে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দুবাইয়ে ভারতীয় দূতাবাসকেও উল্লেখ করে দ্রুত সহায়তার আবেদন জানান। 

ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, মধ্যপ্রাচ্য থেকে একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় তিনি আটকে পড়েছেন এবং নিরাপদে ও সময়মতো দেশে ফেরার কোনো উপায় দেখছেন না।“আমাকে সাহায্য করুন, দয়া করে বাঁচান”— এমন আকুতিও জানান অভিনেত্রী।

শুধু সোনাল নন, একই পরিস্থিতিতে আরও কয়েকজন ভারতীয় তারকাও উপসাগরীয় অঞ্চলে আটকে পড়েছেন বলে জানা গেছে। ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু, দক্ষিণি অভিনেতা অজিত কুমার এবং টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এই মুহূর্তে দুবাইয়ে অবস্থান করছেন। 

রয়টার্স জানিয়েছে, ইরান, ইরাক, কুয়েত, ইসরায়েল ও বাহরাইনের আকাশসীমা কার্যত ফাঁকা হয়ে গেছে।

ইসরায়েল ইরানে হামলার কথা নিশ্চিত করার পর যুক্তরাষ্ট্রও বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। কাতারের দোহা, আবুধাবি ও দুবাইয়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপসাগরীয় অঞ্চলে বিমান চলাচল সীমিত থাকার আশঙ্কা রয়েছে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

LEAVE A REPLY