যুজবেন্দ্র চাহাল। ছবি : সংগৃহীত
আসন্ন আইপিএল ২০২৬-কে সামনে রেখে নিজের জীবনযাত্রায় বড় পরিবর্তন এনেছেন ভারতীয় লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল। তিনি জানিয়েছেন, ফিটনেস ও পারফরম্যান্স উন্নত করতে গত ছয় মাসের বেশি সময় ধরে মদ্যপান সম্পূর্ণভাবে বন্ধ রেখেছেন।
আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলতে নামার আগে ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। গত আসরে ভালো পারফরম্যান্স করলেও দলটি ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে রানার্সআপ হয়।
ইউটিউবে এবি ডি ভিলিয়ার্সকে দেওয়া সাক্ষাৎকারে চাহাল বলেন, ‘আমি মদ্যপান বন্ধ করেছি, ছয় মাসের বেশি হয়ে গেছে। এখন আমার বয়স ৩৫, তাই আরো সক্রিয় থাকতে চাই এবং দলের জন্য ১৫০ শতাংশ দিতে চাই। সিনিয়র খেলোয়াড় হিসেবে আমি চাই আইপিএলে অন্যরা আমার কাছ থেকে কিছু শিখুক।’
আইপিএল ২০২৫ মৌসুমে চাহাল ১৪ ম্যাচে ১৬ উইকেট নেন।
তার বোলিং গড় ছিল ২৬.৮৭ এবং ইকোনমি রেট ৯.৫৫। দুটি ম্যাচে চার উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে তার।
গত আসরের ফাইনালে হার নিয়ে হতাশা প্রকাশ করে চাহাল বলেন, দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো জানসেনের অনুপস্থিতি ছিল দলের জন্য বড় ক্ষতি।
‘ফাইনালে আমরা জানসেনকে মিস করেছি।সে থাকলে অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হতাম। পুরো টুর্নামেন্টে তার বোলিং ছিল দুর্দান্ত, ব্যাটিংয়েও শেষদিকে দুই-তিনটি ছক্কা মারতে পারত,’ বলেন চাহাল।
নিজের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট নন এই স্পিনার। তিনি জানান, চোটের কারণে শেষ দিকে নিজের সেরা বোলিংটা করতে পারেননি। ‘আমি নিজের পারফরম্যান্সে হতাশ ছিলাম।
কেকেআর ম্যাচের পর আমার পাঁজরে চোট লাগে, পরে আঙুলেও ফ্র্যাকচার হয়। তাই সেমিফাইনাল ও ফাইনালে ঠিকভাবে লেগ-স্পিন করতে পারিনি। এবার সবার আগে নিজের শরীরের যত্ন নিতে চাই,’ যোগ করেন তিনি।









































