সংগৃহীত ছবি
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দলবদলের প্রথম দিনে অনলাইন ও সরাসরি মিলিয়ে ৭৯ জন ক্রিকেটার দল পেয়েছেন। খেলোয়াড়দের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায় ঢাকা মহানগর ক্রিকেট কমিটির কার্যালয়ে। কয়েক সপ্তাহ অনিশ্চয়তার পর অবশেষে ডিপিএলের দলবদল শুরু হয়। এতে উচ্ছ্বাসিত ছিলেন খেলোয়াড়, কোচ, স্টাফসহ সবাই।
ক্লাবগুলোর লিগ বয়কটের পর ডিপিএলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জেগেছিল। তবে তামিম ইকবালের নেতৃত্বে এডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর অচলাবস্থার সমাধান হয়।
প্রতিটি দলের জন্য ২৫ লাখ টাকা অনুদান বরাদ্দ করেছে বিসিবি। সময়ের অভাবে এ মৌসুমে রেলিগেশন ও সুপার লিগ পর্ব বাতিল হয়েছে।
ফলে এবার শুধুমাত্র একক রাউন্ড-রবিন ফরম্যাটে লিগ অনুষ্ঠিত হবে।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘অবশেষে লিগটি অনুষ্ঠিত হওয়া আমরা সস্তি পেয়েছি। এটি না হলে আরো বড় ক্ষতি হতো।’
মাঠে ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের পাশাপাশি শিরোপার জন্য শক্তিশালী দল সাজিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
প্রথম দিন ডিপিএল ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান এনামুল হক বিজয়কে দলে ভিড়িয়েছে মোহামেডান। পাশাপাশি নাইম শেখ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন এবং রিপন মন্ডলকে দলে নেয় তারা।
মোহামেডান থেকে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে নিয়েছে প্রাইম ব্যাংক। এ ছাড়া তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিবকেও দলে যুক্ত করেছে তারা।
বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী মূল খেলোয়াড়দের ধরে রাখার পাশাপাশি জাতীয় দলের সৌম্য সরকার, জাকের আলী অনিক এবং সাব্বির রহমানকে দলে ভিড়িয়েছে।
নবাগত ঢাকা লিওপার্ডস দলে নিয়েছে অভিজ্ঞ মোমিনুল হক ও মোহাম্মদ মিঠুনকে। সাম্প্রতিক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুন পারফরমেন্স করা দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে নিয়েছে তারা।









































