শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নতুন কমিটিতে সাঙ্গাকারা-মহানামা

লঙ্কান বোর্ডের নতুন কমিটিতে আছেন সাঙ্গাকারা-মহানামা। ছবি : ক্রিকইনফো

কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বড় রদবদল আসছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে (এসএলসি)। গতকাল সরকারের নির্দেশে শাম্মি সিলভার নেতৃত্বাধীন পুরো বোর্ড পদত্যাগ করলে নতুন কমিটি আসার পথটা মসৃণ হয়।

সেই ধারাবাহিকতায় আজ দেশটির সরকার নতুন কমিটি গঠন করেছে। ৯ সদস্যের কমিটির নামকরণ করা হয়েছে ‘ট্রান্সফরমেশন কমিটি’।

নতুন এই কমিটি আছে কুমার সাঙ্গাকারার মতো কিংবদন্তি।

সাবেক ক্রিকেটার হিসেবে অবশ্য সাঙ্গাকারাই নন, আরো দুজন আছেন। তারা হচ্ছেন—রোশান মহানামা ও সিদাথ ওয়েত্তিমুনি। কমিটির বেশিরভাই করপোরেট এবং রাজনৈতিক ব্যক্তিত্ব।

কমিটির চেয়ারম্যান করা হয়েছে এরান বিক্রমারত্নেকে। এই দায়িত্ব নিতেই শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল সামাগি জন বালাওয়েগারের প্রভাবশালী নেতা দলের রাজনৈতিক পদ ছেড়ে দিয়েছেন। বর্তমানে সংসদ সদস্যও নন তিনি।

দায়িত্ব নিয়ে নতুন কমিটির দুটি লক্ষ্যের কথা জানিয়েছেন বিক্রমারত্নে।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘অত্যন্ত দক্ষ এবং সৎ ৯ সদস্যের এই কমিটির নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া আমার জন্য সৌভাগ্যের। আমাদের তাৎক্ষণিক অগ্রাধিকার হলো শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) শাসন কাঠামো সম্পূর্ণভাবে ঢেলে সাজানো। একটি নতুন গঠনতন্ত্র বাস্তবায়ন করা, যা খেলাটির জন্য একটি শক্তিশালী ও আধুনিক ভিত্তি হবে। দ্বিতীয় লক্ষ্য হলো মাঠের খেলায় শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা। আমরা এমন একটি কাঠামো, বিশ্বমানের সুযোগ-সুবিধায় ইনসেনটিভ মডেল তৈরির চেষ্টা করব, যা আমাদের জাতীয় দলগুলোকে শক্তিশালী করবে।

আইসিসি যাতে কঠোর কোনো ব্যবস্থা নিতে না পারে সেই দিক বিবেচনায় রেখেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নিয়মকানুন মেনে স্বচ্ছতা ও পেশাদারির সঙ্গে কাজ করবেন বলে জানান বিক্রমারত্নে। এর আগে বেশ কবার নিষেধাজ্ঞার মুখে পড়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সর্বশেষ ২০২৩ সালে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল আইসিসি। 

কমিটির বাকি ৫ সদস্য হচ্ছেন প্রকাশ শাফটার, অবন্তি কলম্বাজ, থুশিরা রাদেল্লা, উপুল কুমারাপ্পেরুমা এবং দিনাল ফিলিপস। একমাত্র নারী সদস্যে হিসেবে এই কমিটিতে আছেন করপোরেট ব্যক্তিত্ব অবন্তি।

LEAVE A REPLY