মায়ের মৃত্যুর পর জাহ্নবীর পাশে থাকতে লন্ডন থেকে চলে আসেন তার প্রেমিক

সংগৃহীত ছবি

মা শ্রীদেবীর মৃত্যুর পর কঠিন সময়ে জাহ্নবী কাপুরের পাশে থাকতে লন্ডনে পড়াশোনায় বিরতি নিয়ে মুম্বাইয়ে চলে আসেন তার প্রেমিক শিখর পাহাড়িয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে শিখরের সেই সময়ের কথা জানিয়েছেন জাহ্নবী।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুবাইয়ে বাথটাবে দুর্ঘটনাবশত ডুবে মারা যান বলিউড অভিনেত্রী শ্রীদেবী। মায়ের আকস্মিক মৃত্যুতে শোকাহত হয়ে পড়েন তার দুই মেয়ে জাহ্নবী ও খুশি কাপুর।

‘কফি উইথ করণ’-এর আসন্ন পর্বে শিখরের পাশে থাকার বিষয়টি নিয়ে কথা বলবেন জাহ্নবী। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী জানান, তখন তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রেমের সম্পর্ক ছিল না।শিখর লন্ডনে পড়াশোনা করছিলেন। তবে জাহ্নবীর পাশে থাকার জন্য তিনি এক সেমিস্টারের মাঝপথে বিরতি নিয়ে মুম্বাইয়ে চলে আসেন।

জাহ্নবী জানান, তখন শিখর তার বাবার সঙ্গে মুম্বাইয়ের টাউনে থাকতেন। পরে তিনি জানতে পারেন, শিখর এক মাসের জন্য জুহুতে এক বন্ধুর বাড়িতে উঠেছিলেন।প্রতিদিন জাহ্নবীর সঙ্গে দেখা না হলেও, প্রয়োজনে তার পাশে থাকার জন্যই সেখানে ছিলেন শিখর।

জাহ্নবীর ভাষ্য অনুযায়ী, শিখর চেয়েছিলেন, তার প্রয়োজন হলে যেন কাছেই থাকতে পারেন। তখন তাদের প্রেমের সম্পর্ক আনুষ্ঠানিক না হলেও, শিখরের এই উদ্যোগ জাহ্নবীর জীবনের কঠিন সময়ের একটি স্মরণীয় ঘটনা হয়ে আছে।

এর আগে ২০২৪ সালে ‘কফি উইথ করণ’-এ বোন খুশি কাপুরের সঙ্গে অংশ নিয়ে মাকে হারানোর স্মৃতিচারণা করেছিলেন জাহ্নবী। মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর তাদের দুজনের প্রতিক্রিয়া এবং একে অপরকে সান্ত্বনা দেওয়ার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

জাহ্নবী ও শিখর বেশ কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন বলে জানা যায়। যদিও তাদের কেউই প্রকাশ্যে সম্পর্কের বিষয়টি স্পষ্ট করে স্বীকার বা অস্বীকার করেননি।

কাজের ক্ষেত্রে, রাম চরণের বিপরীতে তেলেগু ছবি ‘পেদ্দি’-তে দেখা গেছে জাহ্নবীকে। এরপর টাইগার শ্রফ ও লক্ষ্যের সঙ্গে ‘লাগ যা গালে’ ছবিতে অভিনয় করবেন তিনি। ২০২৭ সালের ১৪ মে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY