সিনিয়র বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) কর্মকর্তাদের জন্য আয়োজিত এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রগ্রামে অংশ নিতে এক অতিরিক্ত সচিবসহ ১১ জন যুগ্ম সচিব পাকিস্তানে যাচ্ছেন। এ বিষয়ে সরকারি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদেশ প্রশিক্ষণ শাখা থেকে জারি করা আদেশে বলা হয়েছে, কর্মকর্তারা পাকিস্তানের লাহোরে সিভিল সার্ভিসেস একাডেমিতে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নেবেন।
আগামী ৪ মে থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।
সরকারি আদেশে বলা হয়েছে, কর্মকর্তারা ৪ মে’র কাছাকাছি সুবিধাজনক সময়ে পাকিস্তানের উদ্দেশে রওনা হবেন। প্রশিক্ষণকাল ও যাতায়াত সময় দাপ্তরিক দায়িত্ব হিসেবে গণ্য হবে।
এতে আরও বলা হয়েছে, প্রশিক্ষণের সব ব্যয় বহন করবে পাকিস্তান সরকার।
এ সফরের জন্য বাংলাদেশ সরকারের কোনো ব্যয় হবে না। প্রশিক্ষণ শেষে কর্মকর্তাদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে হবে এবং পাঁচ দিনের মধ্যে বিদেশ প্রশিক্ষণ শাখায় প্রতিবেদন জমা দিতে হবে।










































