বর্তমান প্রজন্মের তারকারা সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। নিজেদের কাজ, ব্যক্তিগত মুহূর্ত কিংবা নানা আপডেট নিয়মিত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তারা। সেই তালিকায় রয়েছেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রও। তবে এবার তার সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামের প্রোফাইলে চোখ পড়তেই চমকে গেলেন ভক্তরা।
নিজের নাম বদলে ফেলেছেন অভিনেত্রী, অর্থাৎ নামের বানানেই পরিবর্তন এনেছেন। এতদিন তার পদবী লেখা হতো ‘Maitra’। এখন সেটি বদলে হয়েছে ‘Maitr’। অর্থাৎ পদবী থেকে একটি অক্ষর সরিয়ে ফেলেছেন তিনি।
হঠাৎ এই নাম পরিবর্তনের কারণ নিয়ে এখনও কোনো ব্যাখ্যা দেননি রুক্মিণী। তবে সামাজিক মাধ্যমে নতুন পরিচয় ব্যবহার করায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

বিনোদন দুনিয়ায় নাম বদলের ঘটনা নতুন নয়। ক্যারিয়ারের শুরুতে কিংবা জনপ্রিয়তা বাড়ানোর জন্য অনেক তারকাই নিজেদের নাম পরিবর্তন করেছেন।কিশোর কুমার, কুমার শানু, বাপ্পি লাহিড়ী, বাবুল সুপ্রিয় ও শানসহ বহু তারকাই পেশাগত কারণে নাম বদল করেছিলেন।
টালিউডেও এই প্রবণতা বহু পুরনো। উত্তম কুমার থেকে মান্না দে—অনেকেই ঘরের নামের বাইরে অন্য নামে জনপ্রিয় হয়েছেন। বর্তমান প্রজন্মে দেব, জিৎ ও কোয়েল মল্লিকদের পর এবার সেই তালিকায় নতুন সংযোজন রুক্মিণী।
নাম বদলের সিদ্ধান্তটি নিজের ইচ্ছায় নাকি কারও পরামর্শে নিয়েছেন অভিনেত্রী, তা এখনও স্পষ্ট নয়।
বর্তমানে ব্র্যান্ডের কাজ ও শুটিংয়ের কারণে নিয়মিত মুম্বাই যাতায়াত করছেন রুক্মিণী। আর সেই মুম্বাই সফরের মধ্যেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে।










































