কেন আফগানিস্তানের সঙ্গে সামরিক চুক্তি করল রাশিয়া

সংগৃহীত ছবি

নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার এক বছর পর আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া। বুধবার (২৭ মে) মস্কোতে আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে দুই দেশের শীর্ষ কর্মকর্তার উপস্থিতিতে এই ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়।পলিটিকোর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মস্কোর আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুবের মধ্যে একটি ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠকের পর এই চুক্তি সই হয়।

একে দুই দেশের সম্পর্কের ঐতিহাসিক অগ্রগতি অভিহিত করে মোহাম্মদ ইয়াকুব বলেন, ‘রাশিয়ার সঙ্গে আমাদের পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। আফগানিস্তান ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং এই পথ ধরেই আমরা সম্পর্ককে আরো সুদূরপ্রসারী করতে চাই।’

বৈঠকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি সের্গেই শোইগু পশ্চিমা দেশগুলোর আফগান-নীতির তীব্র সমালোচনা করেন। তিনি অবিলম্বে তালেবান প্রশাসনের ওপর থেকে যাবতীয় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, ‘পশ্চিমা দেশগুলোর উচিত আফগান জনগণের ব্লক বা ফ্রিজ করে রাখা রাষ্ট্রীয় সম্পদ দ্রুত অবমুক্ত করা। একই সঙ্গে আফগানিস্তানে দীর্ঘ ২০ বছরের আগ্রাসী ও ধ্বংসাত্মক সামরিক উপস্থিতির সম্পূর্ণ দায় স্বীকার করে দেশটির যুদ্ধোত্তর পুনর্গঠনের যাবতীয় আর্থিক বোঝা তাদেরই বহন করা উচিত।’

১৯৭৯ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান আক্রমণ এবং পরের এক দশক ধরে আফগান মুজাহিদীনদের (যোদ্ধা) সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধের পর দুই দেশের সম্পর্ক দীর্ঘ সময় বৈরী ছিল।

২০০১ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালায়। ওই সময় রাশিয়ার বিরুদ্ধে তালেবানদের অস্ত্র সরবরাহের অভিযোগ ওঠে।

২০০৩ সাল থেকে তালেবানকে নিষিদ্ধ তালিকায় রাখলেও ২০২৫ সালের এপ্রিলে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয় রাশিয়া। একই বছরের জুলাই মাসে রাশিয়া বিশ্বের প্রথম ও একমাত্র দেশ হিসেবে তালেবানকে বৈধ সরকারের স্বীকৃতি দেয়।

এদিকে, চলতি মাসের শুরুর দিকে ইউরোপীয় কমিশন তালেবান কর্মকর্তাদের ব্রাসেলসে আমন্ত্রণ জানিয়েছে।তবে ইউরোপীয় ইউনিয়নের এক মুখপাত্র জানিয়েছেন, এই আমন্ত্রণ কোনোভাবেই তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া বোঝায় না।

LEAVE A REPLY