যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। রয়টার্স ছবি
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর শীর্ষ ব্রিগেডিয়ার জেনারেল (এক তারা অ্যাডমিরাল) কর্মকর্তাদের পদোন্নতির তালিকা থেকে ৯ জন কর্মকর্তার নাম বাদ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস বলছে, বাদ পড়া কর্মকর্তাদের মধ্যে অন্তত ৩ জন নারী, ২ জন কৃষ্ণাঙ্গ পুরুষ এবং ৪ জন শ্বেতাঙ্গ পুরুষ রয়েছেন।
হেগসেথের নতুন এ সিদ্ধান্তের ফলে মে মাসে প্রকাশিত এক তারা অ্যাডমিরাল পদে মনোনীত কর্মকর্তাদের তালিকায় কোনো নারী কর্মকর্তা স্থান পাননি। যেখানে মার্কিন নৌবাহিনীর সক্রিয় সদস্যদের প্রায় ২১ শতাংশই নারী।
একইভাবে এক তারা অ্যাডমিরাল পদের জন্য চূড়ান্ত ২২ সদস্যের তালিকায় মাত্র ২ জন অশ্বেতাঙ্গ কর্মকর্তা রয়েছেন। যেখানে ওই বাহিনীর প্রায় ৩৮ শতাংশ সদস্য জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের।
নাম প্রকাশে অনিচ্ছুক ৪ জন বর্তমান ও সাবেক প্রতিরক্ষা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস বলছে, হেগসেথের এই পদক্ষেপ সামরিক বাহিনীর নিরপেক্ষ ও মেধাভিত্তিক পদোন্নতি ব্যবস্থার প্রচলিত নিয়মের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে।
তাদের মতে, এক তারা অ্যাডমিরাল পদে পদোন্নতির তালিকা থেকে কর্মকর্তাদের এভাবে বাদ দেওয়া ‘অস্বাভাবিক’ ঘটনা।
পেন্টাগনের নীতিমালা অনুযায়ী, কোনো কর্মকর্তাকে পদোন্নতি তালিকা থেকে সরানোর ক্ষেত্রে নৈতিক, মানসিক, শারীরিক বা পেশাগত সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন থাকতে হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এই প্রতিবেদনকে ‘বর্ণ ও লিঙ্গকেন্দ্রিক বিভ্রান্তিকর প্রচারণা’ বলে উল্লেখ করেন।
পারনেল বলেন, ‘সামরিক পদোন্নতি তাদেরই দেওয়া হয় যারা তা অর্জন করেছেন। কোনো সদস্যের গায়ের রং বা লিঙ্গ কখনোই পদোন্নতির বিবেচ্য বিষয় নয়।’
তিনি আরো দাবি করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের নেতৃত্বে প্রতিরক্ষা বিভাগে ‘মেধাতন্ত্রই সর্বোচ্চ নীতি’ হিসেবে অনুসরণ করা হচ্ছে।
এর আগেও গত মার্চ মাসে হেগসেথ দুই নারী ও দুই কৃষ্ণাঙ্গ সেনা কর্মকর্তার ব্রিগেডিয়ার জেনারেল (এক তারা জেনারেল) পদে পদোন্নতি আটকে দিয়েছিলেন।
নতুন এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্বে বৈচিত্র্য, প্রতিনিধিত্ব এবং পদোন্নতি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আবারও বিতর্ক শুরু হয়েছে।











































